জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পেল ১৫ ব্যক্তি-প্রতিষ্ঠান

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ০১:৪১ এএম

চলতি বছর ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ পেয়েছে ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান। গতকাল সোমবার সাভারের শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রে সমাপনী অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়। এবারের আসরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও সিআরআইয়ের ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক।

আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলা এ অনুষ্ঠানের আয়োজন করে। দেশ গঠনে এগিয়ে আসা তরুণদের উদ্যোগকে স্বাগত জানিয়ে ২০১৪ সাল থেকে ইয়াং বাংলা এই কার্যক্রম পরিচালনা করছে। এবারের আসরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগে ধারণ করা বক্তব্য প্রচার করা হয়। সেই সঙ্গে জাতির জনকের দৌহিত্র ও সিআরআইয়ের চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়ের আগে ধারণ করা ভিডিও বার্তা প্রচার করা হয়। এবার জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পাওয়া ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান হলো ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশনের অমিয় প্রপান চক্রবর্তী, টেক অ্যাকাডেমির মোহাম্মদ শামস জাব্বার, আসমানী যুব নারী ফাউন্ডেশনের শিরিন আক্তার, অমল ফাউন্ডেশনের এসরাত করিম, থার্ড আইয়ের মাশরুর ইশরাক, ইকোভেশন বাংলাদেশের সানজিদুল আলম, বাংলাদেশের দু®প্রাপ্য ছবিসমগ্রর জন্য গিরিধর দে, স্টেপ এহেডের শাহানা আফরিন, মনের স্কুলের ফাইরুজ ফাইজাহ বিথার, ট্রান্সএন্ডের লামিয়া তানজিন, রিফ্লেক্টিভ টিনসের ইউসুফ ইবনে ইয়াকুব, জেন ল্যাবের রাতুল দেব, দিনের আলো হিজড়া উন্নয়ন মহিলা সংস্থার আবু হাসান (জয়তা পলি), বাংলাদেশ চা সম্প্রদায় ছাত্র যুব পরিষদের রিগান কুমার কানু এবং মেধাবী কল্যাণ সংস্থার (এমকেএস) মো. নুরুল আলম।

গতকাল জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের পঞ্চম আসরের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে রাদওয়ান মুজিব সিদ্দিক বলেন রাজনীতি, ব্যবসা-বাণিজ্যসহ সব ক্ষেত্রেই তরুণ সমাজকে দায়িত্ব দেওয়া এবং তাদের সামনে নিয়ে আসার সময় এসেছে।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর তিনি সমাজের জন্য কাজ করা তরুণ উদ্যোক্তা ও ব্যক্তিদের প্রশংসা করে বলেন ‘আপনারা যেভাবে কাজ করে যাচ্ছেন, এভাবেই কাজ করে যাবেন। আমরা আপনাদের কাছ থেকে অনেক উৎসাহ পাই। পৃথিবীতে এখন একটা কঠিন সময় যাচ্ছে। আমরা আপনাদের কাছ থেকে সাহসও পাই।’

তরুণদের উদ্দেশে রাদওয়ান মুজিব সিদ্দিক বলেন, ‘আপনারাই হচ্ছেন আমাদের ভবিষ্যৎ। আর আমাদের যেটা করতে হবে নট ওনলি টক ইন দ্য টক, বাট ওয়াক ইন দ্য ওয়াক। আমাদের শুধু বললেই হবে না যে, তরুণ আমাদের, তরুণ সমাজের হাতে সব তুলে দেব...।’

তিনি আরও বলেন, ‘আসলে এখন সময় এসেছে আরও অনেক বেশি দায়িত্ব দেওয়া তরুণ সমাজের কাছে। সব ক্ষেত্রে। বিজনেস, পলিটিক্স, এনজিও সব ক্ষেত্রেই এখন কমিটেড, তরুণ সমাজকে সামনে নিয়ে আসতে হবে এবং সাপোর্ট দিতে হবে।’

ইয়াং বাংলা ও সিআরআইয়ের পক্ষ থেকে তরুণদের পাশে থাকারও প্রত্যয় জানান রাদওয়ান মুজিব।

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের এবারের সমাপনী আয়োজনে কঠোরভাবে মানা হয় স্বাস্থ্যবিধি। ১৬০ জনের উপস্থিতিতে এবারের অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অংশগ্রহণকারী ও অতিথিদের অনুষ্ঠানের মূল ভেন্যুতে প্রবেশের দুই ঘণ্টা আগে র‌্যাপিড পিসিআর টেস্ট ও তাপমাত্রা পরীক্ষা করা হয়।

দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তরুণ প্রজন্মকে সরাসরি অন্তর্ভুক্ত করার লক্ষ্যে তাদের নতুন ধারণা ও উদ্ভাবনগুলোকে তুলে আনার জন্য ২০১৪ সালের ১৫ নভেম্বর আত্মপ্রকাশ করে ইয়াং বাংলা প্ল্যাটফর্ম। ৫০ হাজারের বেশি স্বেচ্ছাসেবী এবং ৩১৫টির বেশি সংগঠনকে সঙ্গে নিয়ে চলা এ সংগঠনটির সদস্য সংখ্যা বর্তমানে প্রায় ৩ লাখ।

এ প্ল্যাটফর্ম থেকে তরুণদের ক্ষমতায়ন ও দেশ গঠনে তাদের অবদান তুলে ধরার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। তরুণদের কাজের স্বীকৃতির জন্য জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে।

এছাড়া উদ্যোক্তা সৃষ্টি করতে প্রশিক্ষণ ও নানা ধরনের সহায়তা করছে ইয়াং বাংলা। রাদওয়ান মুজিব সিদ্দিক গবেষণা প্রতিষ্ঠান সিআরআইয়ের ট্রাস্টি হিসেবে প্রতিষ্ঠানটির দেখভাল করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত