জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ বলেছেন, ভবিষ্যতে তার নেতৃত্বে পুনর্গঠিত জাতীয় পার্টি এরশাদের দেখানো পথেই হাঁটবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ইসলামী মহাজোটের এক আলোচনা সভায় বিদিশা বলেন, আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে গণতন্ত্র এবং ধর্মীয় আদর্শে বিশ^াসী মরহুম এরশাদের মূল ধারার জাতীয় পার্টি হিসেবে দেশ ও জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হবে।
স্বাধীনতার গৌরবোজ্জ্বল সুবর্ণজয়ন্তী উদযাপন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় ইসলামী মহাজোট ওই আলোচনা সভার আয়োজন করে। সেখানে প্রধান অতিথি ছিলেন বিদিশা এরশাদ।
বিদিশা বলেন, ‘এরশাদের নীতি-আদর্শের সেই দলকে পুনর্গঠন করতে চাই, যেখানে সবাই ভেদাভেদ ও ব্যক্তি স্বার্থ ভুলে দেশের উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করবে। এরশাদ ছিলেন একজন সৈনিক। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ মাতৃভূমির জন্য নিজের জীবন বিসর্জন দেওয়ার শপথ নিয়েছিলেন তিনি। আমরা তারই উত্তরসূরি এবং যেকোনো মূল্যের বিনিময়ে এ দেশ ও জনগণের জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের অঙ্গীকার করছি।’
আগামী ১ জানুয়ারি জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর কথা উল্লেখ করে বিদিশা এরশাদ বলেন, ‘আমি আপনাদের দোয়া চাই। দোয়া করবেন যেন নতুন বছরে আপনাদের সবাইকে নিয়ে দেশের উন্নয়নে সরকার ও জনগণের পাশে থাকতে পারি।’
জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক ধর্ম ও পানিসম্পদমন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদসহ ইসলামী মহাজোটের নেতারা।
