ঢালিউডের জনপ্রিয় নায়ক নিরবের সঙ্গে এবার জুটি বেঁধে কাজ করলেন কলকাতার জনপ্রিয় নায়িকা ও সাংসদ মিমি চক্রবর্তী। এর মাধ্যমে ঢাকার ছবির কোনো নায়কের বিপরীতে প্রথমবার কাজ করলেন মিমি। একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে তাদের। ভিডিওটি নির্মাণ করেছেন কলকাতার খ্যাতনামা নির্মাতা ও নৃত্যশিল্পী বাবা যাদব। নিরব জানান, কাজটি করার প্রথম কারণ তাপস ভাই। উনি যখন গানটি শোনালেন প্রথমে মনে হয়েছে আউটস্ট্যান্ডিং কাজ। দ্বিতীয়ত মিমি চক্রবর্তী থাকছেন। ‘তুই আর আমি চল করি পাগলামি’ এমন কথার গানটি গেয়েছেন আরেফিন রুমি। এর কথা লিখেছেন কৌশিক হোসেন তাপস। সুর ও সংগীতায়োজন তারই। রোমান্টিকভাবে সাজানো এ গানের কস্টিউম ও স্টাইলিশ ডিজাইন করেন ফারজানা মুন্নী। মিমির সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে নিরব বলেন, মিমি ক্যামেরার পেছনে এক, অথচ ক্যামেরার সামনে পুরোপুরি পেশাদার একজন শিল্পী। তার সঙ্গে যখন অনস্ক্রিনে শ্যুটিং করছিলাম মনে হচ্ছিল যেন তাকে টিভিতে দেখছি। কাজটি খুবই দুর্দান্ত হয়েছে। আমাদের আয়োজনে কোনো কমতি ছিল না। মিউজিক ভিডিওটি শিগিগরই টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
×
