গাজীপুর নগর আ. লীগের দুই নেতাকে মারধর

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ০২:০৭ এএম

গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এসএম মোকছেদ আলম এবং টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রজব আলী মারধরের শিকার হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে মহানগর আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সভা চলাকালে মো. রজব আলী এবং সভা শেষে গাড়িতে ওঠার সময় এসএম মোকছেদ আলম হামলার শিকার হন। এ ঘটনার পর গাজীপুর মহানগর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সমর্থক নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

হামলায় আহত রজব আলী জানান, গতকাল বিকেল ৪টার দিকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সভা শুরু হয়। মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমতউল্লা খানের সভাপতিত্বে সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, সংরক্ষিত মহিলা এমপি সামসুন্নাহার ভুঁইয়া, ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ এবং মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ ম-লসহ কমিটির অন্য নেতারা উপস্থিত ছিলেন। সভা চলাকালে সন্ধ্যা ৬টার দিকে শৌচাগারে গেলে ৭-৮ জন যুবক তাকে এলোপাতাড়ি কিল-ঘুসি মারতে থাকে। এতে তিনি মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। শৌচাগার থেকে ফিরে ঘটনাটি মিলনায়তনে উপস্থিত প্রতিমন্ত্রীসহ দলের অন্য নেতাদের জানান। পরে হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।

রজব আলী আরও জানান, মহানগর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের অনুসারী অভিযোগ তুলে তার ওপর হামলা চালানো হয়।

হামলার শিকার এসএম মোকছেদ আলম জানান, সভা শেষে গাড়িতে ওঠার সময় একদল অপরিচিত যুবক তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তার পরণের পাঞ্জাবি ছিঁড়ে ফেলে এবং শরীরের বিভিন্ন অংশে কিলঘুসি মারতে থাকে। পরে তিনি দ্রুত গাড়িতে উঠে সেখান থেকে সরে পড়েন।

এদিকে সভা চলাকালে সভাস্থলের বাইরে মহানগর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সমর্থক নেতাকর্মীদের বিরুদ্ধে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নানা স্লোগান দিতে থাকে। এতে সভায় উপস্থিত জাহাঙ্গীর আলম সমর্থক নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সভা শেষে তাদের অনেকে পুলিশ প্রহরায় এবং জ্যেষ্ঠ নেতাদের পেছনে দ্রুত এলাকা ত্যাগ করেন। এ ব্যাপারে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ ম-ল দেশ রূপান্তরকে বলেন, ‘রজব আলীকে মারধরের কথা সভাস্থলে এসে সভাকে অবহিত করি। দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে হামলায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত