বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বেগম খালেদা জিয়কে ভালাবাসে গ্রাম-গঞ্জ, শহর-বন্দরের লক্ষ-কোটি মানুষ। যার জন্য জান দিতে রাজী আছেন তারা। আমরা সরকারের কাছে দাবি করছি তাকে অবিলম্বে মুক্তি দেয়া হোক, তার সুচিকিৎসার ব্যবস্থা করা হোক। আর না হলে এ জনরোষ এবং ক্রোধের শিকার হবেন আপনারা। শহীদ জিয়া একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল গঠন করে গিয়েছেন। আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি বলেই সভা-সমাবেশ করছি। কিন্তু যারা আমাদের ভালোবাসে তারা সবাই আমাদের দল করে না। তারা কী করবে আমরা কিন্তু দায়িত্ব নিতে পারব না।
বুধবার বিকেল ৩টায় দিনাজপুর জেল রোডের বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ এসব বলেন তিনি। দুপুর ২টা থেকেই দিনাজপুর জেলার ১৩ উপজেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। সমাবেশে উপলক্ষে মোতায়েন ছিল বিপুলসংখ্যক পুলিশ।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক এমপি ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মিজানুর রহমান মিনু, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি আসাদুল হাবিব দুলু, সাবেক ছাত্রনেতা আব্দুল খালেক, দিনাজপুর জেলা বিএনপি’র আহ্বায়ক মোফাজ্জল হোসেন দুলাল, যুগ্ম আহ্বায়ক খালেকুজ্জামান বাবু, মোফাজ্জল হোসেন দুলাল, হাসানুজ্জামান উজ্জ্বল, আখতারুজ্জামান জুয়েল, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম প্রমুখ।
নজরুল ইসলাম খান আরো বলেন, আমরা আমাদের নেত্রীর দীর্ঘজীবন চাই। আমরা তার মুক্তি চাই, এবং আমরা চাই এই স্বাধীন দেশের একজন গর্বিত নাগরিক হিসেবে তিনি যেন সুচিকিৎসা পান। জেলে থাকলে বিদেশে চিকিৎসা হয় না, এট সত্য নয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে জাসদের সভাপতি আসম আব্দুর রব যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ছিলেন তাকে জার্মানিতে চিকিৎসার অনুমতি দিয়েছিলেন। মোহাম্মদ নাসিম চিকিৎসা নিয়েছেন বাইরে। বন্দী অবস্থায় আমাদের প্রধানমন্ত্রীও চিকিৎসার জন্য বাইরে গেছেন। মানুষের জীবন বাঁচানোর চেয়ে জরুরী কিছু নাই। একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিও যদি অসুস্থ হয় তাকে অসুস্থ অবস্থায় ফাঁসি দেওয়া যায় না। তাকে চিকিৎসা করে সুস্থ করে তারপরে ফাঁসি দিতে হয়। বেগম খালেদা জিয়া তো ফাঁসির আসামি না, তাকে অন্যায়ভাবে করাদণ্ড দেওয়া হয়েছে। তার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। আর না করা হলে আমরা যারা বিএনপি করি তারা শুধু খালেদা জিয়াকে ভালোবাসি তা কিন্তু নয়, এ দেশের লক্ষ-কোটি মানুষ দেশনেত্রী খালেদা জিয়াকে ভালোবাসে। আমরা যে নির্বাচনে কোটি কোটি ভোট পাই তারা সবাই বিএনপির সদস্য না। তারা বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, তারা জিয়াউর রহমানকে ভালোবাসে। এই কোটি কোটি মানুষকে ক্ষেপাবেন না।
এদিকে রাস্তায় যানজট সৃষ্টি করে মিছিল না করার অনুরোধ করলেও সেই অনুরোধ না মানায় দিনাজপুর শহরের লিলিমোড় এলাকায় পুলিশ লাঠিচার্জ করে। ফলে মিছিলটিতে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। যদিও এই ঘটনায় কেউ আহত হওয়ার দাবি করেনি।
