রাজবাড়ীর দাদশী ও পাংশার কসবামাজাইলে স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থীর অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। রাজবাড়ী সদর ইউনিয়নের ১৪টি ইউনিয়নে ২৬ ডিসেম্বর এবং পাংশার ১০টি ইউনিয়নে ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের বাংলাট গ্রামের চৌরাস্তায় রাত সাড়ে ৮টার দিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের রাকিবুল ইসলামের নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়। প্রত্যক্ষদর্শী ইদ্রিস আলী, রবিউল ইসলামসহ বেশ কয়েকজন জানান, রাত সাড়ে ৮টার দিকে নৌকা প্রতীকের সমর্থকরা মিছিল নিয়ে চৌরাস্তা অতিক্রম করে কিছুদূর গিয়ে ফিরে এসে অফিসটি ভাঙচুর করে।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রাকিবুল ইসলাম বলেন, ‘আমি শান্তিপূর্ণ নির্বাচন চাই। হামলার ঘটনায় গতকাল বুধবার পাংশা থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
নৌকার প্রার্থী শাহরিয়ার সুফল মাহমুদ বলেন, ‘তারা নিজেরাই নিজেদের অফিস ভেঙে আমাদের ওপর দোষ দিচ্ছে। এজন্য আমরাও থানায় অভিযোগ করেছি। আমরাও শান্তিপূর্ণ নির্বাচন চাই।’ পাংশা থানার ওসি মাসুদুর রহমান জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তিনি দেখছেন।
এদিকে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের কামালপুর এবং দাদশীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনের দুটি নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে। দেলোয়ার জানান, তার নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হচ্ছে। নারীকর্মীদের লাঞ্ছিত করা হচ্ছে। সদর থানার পরিদর্শক (তদন্ত) ইফতেখারুল আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় পুলিশি টহল রয়েছে।
