নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টকে সামনে রেখে অনুশীলনে ঘাম ঝরাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রাইস্টচার্চে বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে টাইগাররা। বিসিবি প্রেরিত এক ভিডিও বার্তায় দলের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স জানালেন, অনুশীলন বেশ ভালো হচ্ছে।
প্রিন্স বলেন, ‘এখন পর্যন্ত কয়েক দিন অনুশীলন করলাম আমরা। অনুশীলনের জন্য কয়েক দিন সময় পাওয়া গেছে। বোলাররা নিজেদের ছন্দে ফিরছে, তবে ব্যাটাররা তাদের কাজ করছে। ভালো কিছু সেশন পাওয়া গেছে। নিউজিল্যান্ডের কিছু বোলার আমাদের সাথে যোগ দিয়েছে (নেট বোলার)। তারা ব্যাটারদের সাথে জোরালোভাবে কাজ করছে।’
তিনি আরো বলেন, ‘আমি অবশ্যই বলতে পারি, আমাদের ব্যাটাররা ভালো করছে। নিউজিল্যান্ডের পিচে ব্যাটিং উপভোগ করছে, কারণ ইউনিভার্সিটির অনুশীলনের উইকেট বেশ ভালো। ধারাবাহিকভাবে বাউন্স হচ্ছে, ব্যাটাররা স্বাচ্ছন্দ্যবোধ করছে। কিছুটা সিম মুভমেন্ট হচ্ছে, যা আমরা আশা করেছিলাম। আমার মনে হয়, সবকিছুই ভালো হচ্ছে, আমাদের খেলোয়াড়রা উৎফুল্ল আছে।’
নতুন বছরের প্রথম দিনই নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট বাংলাদেশ। এখনো কিছুদিন অনুশীলনের সময় আছে টাইগারদের হাতে।
প্রিন্স বললেন এই সময়টা কাজে লাগানোই লক্ষ্য দলের, ‘প্রথম টেস্টের আগে তৈরি হতে আমাদের হাতে সাত-আট দিন সময় আছে। ধীরে ধীরে আমরা উন্নতির আশা করছি এবং প্রথম টেস্ট শুরুর আগে ছন্দে ফিরে যাব আমরা।’
