বাঁধনের মুকুটে নতুন দুই পালক

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১১:৫৬ পিএম

আমাদের সমাজে এমনিতেই নারীদের এগিয়ে যাওয়ায় অনেক বাধা। আর শোবিজ ইন্ডাস্ট্রি তো সব সময় পুরুষশাষিত। অধিকাংশ গল্প ভাবা হয় পুরুষকেন্দ্রিক। পারিশ্রমিকের বড় অংশ নিয়ে যান নায়ক। এমনকি নায়কের বয়স কত হলো তা নিয়ে কেউ ভাবে না। কিন্তু একজন নারী তারকার ক্ষেত্রে বয়স অনেক বড় বিষয়। অল্প বয়সে গ্ল্যামার ছড়ানোই যেন একমাত্র কাজ। আর একটু পরিণত হলে, নায়িকা চরিত্র বাদ দিয়ে ধরিয়ে দেওয়া হয় ভাবী বা বড় বোনের চরিত্র। এমন অবস্থায় একজন অভিনেত্রী একটিমাত্র সিনেমা করলেন। তার পেছনে সময় দিলেন টানা দেড় দুই বছর। আর তাতেই কেল্লাফতে। সমাজ ও শোবিজের নানা ট্যাবুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো সেই সিনেমার জয় উপভোগ করছেন তিনি। সেই তারকাকে এখন সবাই একনামে চেনেন। তিনি ৩৮ বছর বয়সী আজমেরী হক বাঁধন। আর সেই সিনেমা তরুণ নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত রেহানা মরিয়ম নূর। যা দেশের প্রথম সিনেমা, যেটি কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবার অফিশিয়াল মনোনয়ন পেয়েছে। অস্কারে এবার দেশের সিনেমা হিসেবে প্রতিনিধিত্ব করেছে ছবিটি। জিতেছে এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ড। বুসান ফিল্ম ফেস্টিভ্যালসহ আরও কয়েকটি বিশ্বসেরা উৎসবে দারুণ প্রশংসা কুড়িয়েছে। ছবিটি এতটাই আলোচিত যে দেশের দুটি অন্যতম পাবলিক পরীক্ষা- বিসিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ঠাঁই করে নিয়েছে এই সিনেমা। এটা বললেও ভুল হবে না যে, এই সিনেমার পরই বাঁধনকে নিয়ে কাজের কথা ভেবেছেন বলিউডের স্বনামধন্য পরিচালক বিশাল ভরদ্বাজ। দেশের বড় বড় প্রজেক্টেও এখন সবার আগে বাঁধনকেই ভাবছেন সংশ্লিষ্টরা। 

এটা তো গেল ক্যারিয়ারের কথা। ব্যক্তিগত জীবনেও এক হার না মানা নাবিক আজমেরী হক বাঁধন। রক্ষণশীল পরিবারের বেড়াজাল ভেঙে হয়েছিলেন লাক্স চ্যানেল আই সুপারস্টার। এরপর সংসারে জীবনে সইতে হয়েছে তাকে অন্যায় অবিচার। একমাত্র মেয়ের অভিভাবকত্ব পেতে লড়াই করেন কজন নারী? বাঁধনকে পেরুতে হয়েছে সেই পথও। এত ঝঞ্ঝা পেরিয়েও তিনি এখন বিজয়ের হাসি হাসতে পারেন। সমাজের জন্য সেবামূলক কাজ করেন। সব মিলিয়ে জীবন মানের খেলায় তার মতো বদল কজন আনতে পারে? সেই অর্জনকেই এবার স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক মহল। বিশে^র সেরা তারকাদের কাতারে এসেছে বাংলাদেশের অভিনেত্রী বাঁধনের নাম। বিশ্ববিখ্যাত বিনোদনভিত্তিক ম্যাগাজিন ভ্যারাইটি চলতি বছরে চমকে দেওয়া আন্তর্জাতিক তারকাদের তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় যুক্তরাজ্যের অভিনেতা তোহিব জিমোহ, কোরিয়ান-আমেরিকান অভিনেতা ডন লি, দক্ষিণ কোরিয়ার জং হো ইয়েন, ফ্রান্সের অভিনেত্রী মিলেনা স্মিথ, স্পেনের আলমুডেনা আমোরের সঙ্গে জায়গা পেয়েছেন আজমেরী হক বাঁধন।

শুধু তাই নয়, বিনোদনভিত্তিক ওয়েবসাইট ফিল্মিসিল্মি ডটকমের বিশে^র ‘গেম চেঞ্জিং’ তারকাদের তালিকায় এসেছে বাঁধনের নাম। যেখানে স্থান পেয়েছেন হলিউডের লেডি গাগা, ক্রিস্টেন সুয়ার্ট, এমা স্টোন, ভারতের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া, বলিউডের দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, কঙ্গনা রানৌত, শাহিদ কাপুর, ভিকি কৌশলের মতো তারকারা। প্রতিবেদনে বলা হয়েছে, ‘গেম চেঞ্জিং’ মানে বোঝানো হয়েছে পারফরম্যান্সকে, যা কি না অভিনয়শিল্পীর ফিল্মগ্রাফিকে এগিয়ে নিয়ে গেছে। এমন ৩৮ জনের নাম তারা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় আরও রয়েছেন হলিউডের রিজ আহমেদ, দেব প্যাটেল, জেনিফার হাডসন, অ্যান্ড্রু গারফিল্ড, বলিউডের কৃতি শ্যানন, কার্তিক আরিয়ান, পরিণীতি চোপড়া, মহিত রাইনাদের মতো তারকারা। বাঁধন সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাঁধন একজন ডেনটিস্ট পেশার পাশাপাশি অভিনয় করেন। তিনি বাংলাদেশের গ্ল্যামারাস তারকা এবং অনেকদিন ধরেই মিডিয়াতে কাজ করেছেন। সেখানে আরও উল্লেখ করা হয়েছে, ‘এ বছরটি তার (বাঁধন) অভিনীত চলচ্চিত্র রেহানা মরিয়ম নূর একটি গেম চেঞ্জার চলচ্চিত্র। এটি প্রথম বাংলাদেশি সিনেমা, যা কান-এ প্রদর্শিত হয়েছে। সিনেমাটি অফিশিয়ালি অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগেও জমা দেওয়া হয়েছে। এমন পারফরম্যান্সের পরে তিনি বলিউডের বিশাল ভরদ্বাজের খুফিয়া সিনেমায় অভিনয় করেছেন।’

দুটি আন্তর্জাতিক তালিকায় নিজের নাম দেখে বাঁধন দেশ রূপান্তরকে বলেন, ‘অবশ্যই রেহানা মরিয়ম নূরের জন্য এই প্রাপ্তি। আমি তো প্রথমে বিষয়টি দেখে অবাক হয়েছি। তবে এটা সত্যি যে, ছবিটি আমার জন্য এমন একটা কাজ যা আমাকে আজকের যে জায়গা সেটাতে পৌঁছে দিয়েছে। যদিও তালিকায় আমার নাম এসেছে, কিন্তু এর পুরো কৃতিত্ব আমার পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদের। তার দূরদৃষ্টি না থাকলে আমি আজকের বাঁধন কোনোদিনই হতে পারতাম না। বিশেষ করে ভ্যারাইটির তালিকাটি আমার কাছে বেশি প্রেস্টিজিয়াস মনে হয়েছে। কারণ সেখানে শুধু আমার ক্যারিয়ারগ্রাফের পরিবর্তনের কথা বলা হয়নি। একই সঙ্গে ব্যক্তিজীবনের যে চড়াই-উতরাই সেটি সুন্দরভাবে ফুটে উঠেছে। সমাজের জন্য একজন শিল্পী হয়ে যে দায়িত্ব সততার সঙ্গে পালন করি, সেদিকে গুরুত্বারোপ করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত