বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২২ আয়োজন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে সমন্বয় সভা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২২-এর আয়োজক কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। সভায় এ আয়োজন সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং সবার সহযোগিতা কামনা করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইএসপিআর জানায়, এই ম্যারাথনের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধান উপদেষ্টা হিসেবে আছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।
ম্যারাথন আগামী ১০ জানুয়ারি ভোর ৫টা ৩০ মিনিটে আর্মি স্টেডিয়াম হতে শুরু হয়ে বনানী-কামাল আতাতুর্ক অ্যাভিনিউ-গুলশান-২-গুলশান-১-পুলিশ প্লাজা হয়ে ঘড়ির কাঁটার ক্রম অনুযায়ী হাতিরঝিলের চারপাশে ঘুরে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে শেষ হবে। এতে ২০০ জন দেশি-বিদেশি নারী-পুরুষ দৌড়বিদের মধ্যে ১০০ জন ফুল ম্যারাথন এবং ১০০ জন হাফ ম্যারাথনে অংশগ্রহণ করবেন। আইএসপিআর
