ফিরহাদ হাকিম ফের কলকাতার মেয়র নির্বাচিত

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ০২:০৮ এএম

তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম আবার কলকাতা পৌর করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার মহারাষ্ট্র ভবনে প্রথমে তৃণমূলের দলনেতা নির্বাচিত হন তিনি। পরে মেয়র হিসেবে ফিরহাদের নাম প্রস্তাব করেন রাজ্য তৃণমূলের সভাপতি সুব্রত বক্সি।

আনন্দবাজার পত্রিকা বলছে, নাম প্রস্তাবের পর তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কাউন্সিলরদের কাছে প্রশ্ন রাখেন, ‘কারও কোনো আপত্তি আছে?’ তখন কেউই আপত্তি করেনি।

অবশ্য ফিরহাদ কলকাতার মেয়র হচ্ছেন তা পৌর ভোটের ফল প্রকাশের দিনই স্পষ্ট হয়ে গিয়েছিল। তৃণমূলের জয়ের খবর আসার পরই বৈঠকে বসেন মমতা, অভিষেক ব্যানার্জি ও ফিরহাদ। সেখানেই বিষয়টি চূড়ান্ত হয়, যার আনুষ্ঠানিকতা হলো গতকাল মহারাষ্ট্র ভবনে। আগামী সোমবার তিনি পাঁচ বছরের জন্য মেয়র পদে শপথ নেবেন।

দায়িত্ব পাওয়ার পর ফিরহাদ হাকিম জানান, মমতা যে বিশ্বাস রেখেছেন, তাতে তিনি আপ্লুত। মৃত্যু পর্যন্ত নিজের জীবন দিয়ে মমতার বিশ্বাসের মর্যাদা রাখবেন। ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল, তার প্রতিটি পালন করবেন বলেও জানান তিনি।

গতকালের বৈঠক থেকে তৃণমূলের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন মালা রায়। আর ডেপুটি মেয়র অতীন ঘোষ। এ ছাড়া দেবাশিস কুমারসহ ১৩ জনকে মেয়র ইন কাউন্সিল এবং ১৬টি বোরো কমিটির চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়, যাদের ৯ জনই নারী। এ বিষয়ে মমতা ব্যানার্জি বলেন, ‘অভিজ্ঞতা তো গুরুত্বপূর্ণ। তাই চেয়ারপারসন পদে টানা ছয়বারের কাউন্সিলরকে বসানো হচ্ছে।’

গত ১৯ ডিসেম্বর কলকাতা পৌর করপোরেশনের নির্বাচন হয়। ফলাফলে দেখা যায়, ১৪৪টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ১৩৪টিতে জয় পেয়েছে। বিজেপি মাত্র তিনটি ওয়ার্ডে জয় পেয়েছে। আর বাম দল ও কংগ্রেস দুটি করে ওয়ার্ডে জয়ী হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত