পাহাড়ে অন্তঃসত্ত্বাকে ধর্ষণ করে লুটপাট

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ০২:৩৪ এএম

বান্দরবানের লামায় এক প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাত-পা বেঁধে ধর্ষণ, মারধর ও ঘরে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে রূপসীপাড়া ইউনিয়নের বৈদ্যভিটা এলাকায় নিজের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওই নারী। তিনি নির্যাতনের অভিযোগে বাদী হয়ে তার স্বামীর সৎ ভাইসহ দুজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা করেছেন।

তবে জমি নিয়ে বিরোধের জেরে ওই নারী ধর্ষণ ও ঘরে লুটপাটের নাটক সাজিয়েছেন বলে দাবি করেছেন মামলার প্রধান আসামি জয়নাল আবেদীন।

মামলার এজাহারে বলা হয়, দুই শিশুসহ বৈদ্যভিটা এলাকায় নিজের বাড়িতে থাকেন ওই প্রবাসীর স্ত্রী। বুধবার রাত ২টার দিকে টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে মুখ চেপে ধরে তাকে ঘরের পেছনে নিয়ে যায় দুই দুর্বৃত্ত। এ সময় প্রবাসীর দুই শিশুসন্তানকে ঘরে তালাবদ্ধ করে রাখে তারা। পরে ঘরের পেছনে হাত-পা বেঁধে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও মারধর করা হয়। এ ছাড়া বাড়ির আলমারি ও বিভিন্ন আসবাব ভেঙে টাকা ও স্বর্ণালংকারও নিয়ে যায় হামলাকারীরা। পরে গতকাল বৃহস্পতিবার সকালে প্রতিবেশীরা গৃহবধূর বাড়ির পাশের নলকূপ থেকে পানি আনতে গেলে তাকে ধর্ষণ ও মারধরের ঘটনা জানাজানি হয়।

এরপর গতকাল বিকেলে বৈদ্যভিটা এলাকার প্রয়াত তরব আলীর ছেলে জয়নাল আবেদীনসহ অজ্ঞাতপরিচয় আরেকজনকে আসামি করে লামা থানায় মামলা করেন প্রবাসীর স্ত্রী।

এ ব্যাপারে জানতে চাইলে লামা থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘ধর্ষণ ও লুটপাটের ঘটনায় প্রবাসীর স্ত্রী বাদী হয়ে দুজনের বিরুদ্ধে মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রকৃত অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত