অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। শারজায় অনুষ্ঠিত ম্যাচটিতে শতক হাঁকিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রান্তিক নওরোজ নাবিল।
১১২ বলে অপরাজিত ১২৭ রানের ইনিংসে দলকে বড় পুঁজি এনে দিয়েছেন নাবিল। টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ পেয়েছে ৪ উইকেটে ২৯৭ রানের পুঁজি।
তিনে নেমে ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট করেন নাবিল। ১১টি চারের সঙ্গে হাঁকান ১ ছক্কা। নাবিলের সঙ্গে ১১৭ রানের জুটি উপহার দেন মোহাম্মদ ফাহিম। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে ৫৪ বলে ৫৮ রান করেন তিনি।
সেঞ্চুরি তুলে নেওয়া নাবিল সবশেষ ভারতে ত্রিদেশীয় সিরিজে একটি করে সেঞ্চুরি ও ফিফটিতে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন।
এশিয়া কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী অপর দুই দল- শ্রীলঙ্কা ও কুয়েত।
এশিয়া কাপের মিশন শেষ করে বিশ্বকাপ খেলতে আরব আমিরাত থেকে সরাসরি ওয়েস্ট ইন্ডিজ যাবে বাংলাদেশের যুবারা।
