২০২১ মানুষ অনেককাল মনে রাখবে করোনার জন্য। এই মহামারী বিশ্বকে অনেকটাই বদলে দিয়েছে। বিশ্ব চলচ্চিত্রের দিকে তাকালেও বিষয়টি আঁচ করা যায় সহজেই। করোনায় দীর্ঘদিন মানুষ ঘরবন্দি থাকার পর এখনো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেনি। এখনো মাস্ক পরার নির্দেশ বহু দেশে। এমন পরিস্থিতিতে সিনেমা হলের মতো পাবলিক-প্লেসে কতটা ভিড় হবে তা নিয়ে সংশয়ের কারণেই হয়তো বিগ বাজেটের অনেক ছবি এখনো মুক্তি দেওয়ার সাহস পাননি প্রযোজকরা। আর দর্শক খুব ভালো করেই জানেন, বিশ্বের যেকোনো দেশে বড় বাজেটের সিনেমা মানে তথাকথিত বাণিজ্যিক ঘরানার সিনেমা। কারণ এখনো শৈল্পিক ছবি বা ইনডিপেনডেন্ট ফিল্মের পেছনে লগ্নি করার মতো প্রযোজক খুব কমই আছেন। ফলে এ ধারার ছবিগুলো তুলনামূলক কম বাজেটে নির্মিত হয়। অধিকাংশ দর্শক এখনো এ ধরনের সিনেমা দেখার অভ্যাস তৈরি করতে পারেনি বলেই হয়তো এ অবস্থা। কিন্তু করোনার এই বিরূপ পরিস্থিতিতে সেই অল্প বাজেটের শৈল্পিক ছবিগুলোই যেন ২০২১-এ চলচ্চিত্রের হাল ধরেছে। বিশেষ করে আমাদের দেশের মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর দিকে তাকালে দেখা যাবে অধিকাংশই শৈল্পিক ধারার ছবি। বছরজুড়ে ‘রেহানা মরিয়ম নূর’-এর সফলতার গল্প বলা হয়েছে। আজমেরী হক বাঁধন অভিনীত ও তরুণ নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ছবিটি দেশের প্রথম সিনেমা হিসেবে কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবার অফিশিয়াল মনোনয়ন পেয়েছে। অস্কারে এবার দেশের সিনেমা হিসেবে প্রতিনিধিত্ব করেছে ছবিটি। জিতেছে এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ড। বুসান ফিল্ম ফেস্টিভ্যালসহ আরও কটি বিশ্বসেরা উৎসবে দারুণ প্রশংসা কুড়িয়েছে। ছবিটি এতটাই আলোচিত যে দেশের দুটি অন্যতম পাবলিক পরীক্ষা বিসিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ঠাঁই করে নিয়েছে। এটা বললেও ভুল হবে না, এই সিনেমার পরই বাঁধনকে নিয়ে কাজের কথা ভেবেছেন বলিউডের পরিচালক বিশাল ভরদ্বাজ। দেশের বড় বড় প্রজেক্টেও এখন সবার আগে বাঁধনকেই ভাবছেন সংশ্লিষ্টরা।
যে দু-চারটি বাণিজ্যিক ঘরানার ছবি মুক্তি পেয়েছে তা-ও সেভাবে আশার আলো দেখাতে পারেনি। তেমনি একটি ছবি ‘চোখ’। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় সর্বপ্রথম এই সিনেমাটিই মুক্তি পায়। নিরব হোসেন, জিয়াউল রোশান ও শবনম বুবলীর মতো দর্শকপ্রিয় তিন তারকা থাকা সত্ত্বেও সিনেমাটি দর্শক সেভাবে গ্রহণ করেননি। এরপর লম্বা বিরতিতে আর কোনো বাণিজ্যিক সিনেমা মুক্তি পায়নি। কিন্তু চলতি মাসে মিশন এক্সট্রিম সিনেমাটি আবার আশার আলো দেখিয়েছে। ৬ ডিসেম্বর মুক্তির পর এটি নিয়ে দর্শকের আগ্রহ দেখা গেছে সিনেমা হলে। জঙ্গিবাদের ওপর নির্মিত এই পুলিশ অ্যাকশন সিনেমাটি নানা কারণে স্পেশাল হয়ে থাকবে। এতে আরিফিন শুভ, নবাগত জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলাসহ অনেক তারকা অভিনয় করেছেন। ভালোবাসা দিবসে মুক্তিপ্রাপ্ত ‘বীর’ সিনেমায় সুপারস্টার শাকিব খানকে ভিন্ন লুকে দর্শক ভালোভাবেই গ্রহণ করেন। তবে বেশি সাড়া ফেলে তার ‘নবাব এলএলবি’। এতে আরও অভিনয় করেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। চিত্রনায়িকা দিঘীর প্রথম সিনেমা ‘তুমি আছ তুমি নেই’ মুক্তি পেলেও এটি সাড়া ফেলতে ব্যর্থ হয়। তবে তার এবং শান্ত খানের ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমাটি প্রশংসা পেয়েছে। চিত্রনায়িকা নায়িকা পরীমণি আইনি ঝামেলায় জড়িয়ে সবচেয়ে আলোচনায় থাকলেও তার কোনো সিনেমা মুক্তি পায়নি। বছর শেষে নায়িকা মাহিও বিতর্কে জড়িয়ে পড়েন।
সিনেমাপ্রেমীরা একমত হবেন, ২০২১-এর পুরোটা সময় সিনেমা জন্য মন্দার বছর হলেও শেষ তিন মাস পরিস্থিতি বেশ ভালোর দিকে যায়। প্রায় প্রতি সপ্তাহেই এক বা একাধিক শৈল্পিক ধারার সিনেমা মুক্তি পেয়েছে। এরই মধ্যে ‘রেহানা মরিয়ম নূর’ ছাড়াও সুমিত শাহরিয়ারের ‘নোনা জলের কাব্য’ দেশ ও বিদেশে প্রশংসিত হয়েছে। এই দুটি সিনেমা ছাড়াও বুসানের মতো বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর প্রথম ইংরেজি ভাষার সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’ ও আবু শাহেদ ইমন প্রযোজিত তরুণ নির্মাতার মোহাম্মদ রাব্বী মৃধা পরিচালিত সিনেমা ‘পায়ের তলায় মাটি নাই’। নেদারল্যান্ডসে অনুষ্ঠিত বিশ্বের সেরা ডকুমেন্টারিভিত্তিক ফিল্ম ফেস্টিভ্যাল ইডফার মূল প্রতিযোগিতা বিভাগে মনোনয়ন পেয়ে প্রশংসা কুড়ায় কামার আহমাদ সাইমন ও সারা আফরীনের সিনেমা ‘অন্যদিন’। দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে সাড়া ফেলেছে নুরুল আলম আতিক পরিচালিত মুক্তিযুদ্ধের সাদাকালো সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’। একাছাকাছি সময়ে মুক্তিপ্রাপ্ত প্রয়াত নির্মাতা সাইদুল আনাম টুটুলের ‘কালবেলা’, এন রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতী কথা’, রশিদ পলাশের ‘পদ্মাপূরাণ’ এবং সবশেষে মুক্তি পাওয়া রনি ভৌমিকের ‘মৃধা বনাম মৃধা’ প্রশংসা কুড়িয়েছে। এ ছাড়া বছরের শেষ সপ্তাহে মুক্তি পাবে অভিনেতা মীর সাব্বির পরিচালিত প্রথম সিনেমা ‘রাত জাগা ফুল’ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত নজরুল ইসলামের ‘চিরঞ্জীব মুজিব’।
