বান্দরবানে ঝরনার কূপে ডুবে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ০২:৪০ এএম

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছার বাদুর ঝরনায় গোসল করতে নেমে মারিয়া ইসলাম (১৯) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও দুজন।

গতকাল শুক্রবার বিকেলে এ তথ্য জানিয়েছেন বান্দরবান ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক মো. আমিনুল হক।

তিনি আরও জানান, নিহত মারিয়া নারায়ণগঞ্জ হেরিটেজ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। ঝরনার পানিতে ডুবে তার মৃত্যু হয়। পানিতে তলিয়ে এখনো নিখোঁজ রয়েছে আহনাফ আকিব (২২) ও মারিয়া আদনীন (১৯) নামে দুজন ।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মির্জা জহির উদ্দিন ঘটনার বিষয়ে জানান, ১০ জনের মধ্যে একজন ঝরনার কূপে গোসল করতে নামে। এ সময় পানিতে নামা শিক্ষার্থীকে আস্তে আস্তে তলিয়ে যেতে দেখে তার তিন বন্ধু। তখন তারা তলিয়ে যাওয়া শিক্ষার্থীকে উদ্ধার করে কূপের তীরে উঠিয়ে দেয়। কিন্তু ওই তিন বন্ধুই পরে পানির নিচে তলিয়ে যায়। অন্য শিক্ষার্থীরা কূপে খোঁজাখুঁজি করে মারিয়া ইসলামের লাশ উদ্ধার করলেও অপর দুজন এখনো নিখোঁজ আছেন বলে জানান তদন্ত কর্মকর্তা।

তদন্ত কর্মকর্তা আরও জানান, নিখোঁজ দুজনকে উদ্ধারে চট্টগ্রামের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা আমাদের বার্তা পেয়ে বান্দরবানের উদ্দেশে রওনা হয়েছেন। এ ছাড়াও নিহত এবং নিখোঁজ শিক্ষার্থীর পরিবারকেও ঘটনার ব্যাপারে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত