চতুর্থ ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাদারীপুরের শিবচরে তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামীকাল রবিবার। ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন।
শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ব্যালট বাক্সসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, রিটার্নিং অফিসার মো. রফিকুল ইসলাম ও উপজেলার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৫ জন, সংরক্ষিত সদস্য পদে ৩৮ জন এবং সাধারণ সদস্য পদে ৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে তিনটি ইউনিয়নে ৪৪ হাজার ৪৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ ছাড়া ভোটে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে আজ সকাল থেকে মাঠে নেমেছে বিজিবিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোটের পরেও একদিন পর্যন্ত মাঠে থাকবে তারা। এ ছাড়াও নির্বাচন সুষ্ঠু করতে ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘ভোট নেয়ার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। আশা করছি, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হবে। ভোটে কারও কোনো অবহেলা মেনে নেয়া হবে না।’
