সোনাগাজীতে নির্বাচন প্রভাবিত করতে আসা ১৭ বহিরাগতসহ গাড়ি আটক

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ০৭:২২ পিএম

ফেনীর সোনাগাজীতে রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ ধাপের ইউপি নির্বাচন। নির্বাচনকে প্রভাবিত করতে গাড়িযোগে উপজেলার সদর ইউনিয়নের প্রবেশ করলে একটি কালো হাইস ও একটি নোহা গাড়িসহ ১৭ জনকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বণিকের নেতৃত্ত্বে পুলিশ ও বিজিবির দুটি আলাদা টিম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বণিক জানান, সোনাগাজী সদর ইউনিয়নের চর গণেশ ও চর দরবেশ গ্রাম থেকে বহিরাগত প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান করে তাদের হাতেনাতে ধরতে সক্ষম হয়েছি। এদের বেশিরভাগের বাড়ি পরশুরাম ও ছাগলনাইয়া। নির্বাচন অবাধ সুষ্ঠ ও প্রভাবমুক্ত করতে আমরা আমাদের যথাযথ দায়িত্ব পালনে বদ্ধপরিকর।

নির্বাচন প্রভাবিত করতে সরকারি দলের মনোনয়ন প্রাপ্তদের পক্ষে কাজ করতে বিভিন্ন উপজেলা থেকে বহিরাগত আসার শঙ্কার কথা জানিয়ে আসছেন বিরোধী প্রার্থীরা। বহিরাগত কর্তৃক নির্বাচন প্রভাবিত হলে আত্মহত্যার হুমকি দিয়েছেন সদর ইউনিয়নে নৌকার বিদ্রোহী প্রার্থী সামছুল আরেফিন ও জাতীয় পার্টির প্রার্থী সিরাজুল ইসলাম। 

বহিরাগত ঠেকাতে ও নির্বাচন সুষ্ঠ করতে প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতির কথা জানানো হয়েছে।

সোনাগাজী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাইনুল হক জানান, উপজেলায় মোট ২ লাখ ৬ হাজার ৪২ জন ভোটার রয়েছে। ভোট গ্রহণের জন্য ৯১ কেন্দ্রে ৫৩৯টি বুথ তৈরি করা হয়েছে। এসব কেন্দ্রে ১ লাখ ৪ হাজার ৮২১ পুরুষ ভোটার ও ১ লাখ ১ হাজার ২২১ জন নারী ভোটার রয়েছেন। উপজেলার নয় ইউনিয়নের মধ্যে মঙ্গলকান্দি ও মতিগঞ্জ ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাকি ৭টিতে চেয়ারম্যান পদে ২৮ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া নয় ইউপিতে সংরক্ষিত সদস্য পদে ৯৩ জন এবং সাধারণ সদস্য পদে ৪২১ জন প্রার্থী ভোটাভোটির মাঠে রয়েছেন।

তবে প্রশাসনের পক্ষ থেকে ৯ ইউনিয়নের ৯১টি কেন্দ্রের মাঝে সবগুলোকেই গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) চিহ্নিত করে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, উপজেলায় নির্বাচনী পরিবেশ বজায় রাখতে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত র‌্যাব, বিজিবি টহল নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া ৬২৬ পুলিশ সদস্য এবং প্রতিটি কেন্দ্রে ১৭ জন করে আনসার মোতায়েন থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত