শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন গতকাল শনিবার চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) পরিদর্শন করেছেন। এরপর দর্শনা সুগার মিলে ২০২১-২২ মৌসুমে আখ মাড়াই কার্যক্রম উদ্বোধন করেন। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এ সময় উপস্থিত ছিলেন।
পরে তিনি কেরুর ট্রেনিং কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আখচাষি এবং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আওতাধীন সুগার মিলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
শিল্প সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিল্পমন্ত্রী বলেন, চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে প্রতি বছর চিনির চাহিদা প্রায় ১৮ লাখ টন। এর মধ্যে করপোরেশনের ছাউনির নিচে থাকা চিনিকলগুলো থেকে উৎপাদন হয় ৮০ হাজার টনের মতো। বাকি প্রায় ১৭ লাখ ২০ হাজার টন বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আমদানি করা হয়। তিনি কৃষকদের আশ্বস্ত করে বলেন, আখের মূল্য নির্ধারণের এ সংক্রান্ত কমিটি যাচাই-বাছাই করে সুপারিশ করলে দাম কিছুটা বাড়ানো হবে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, কেরু অ্যান্ড কোম্পানি নিয়ে সরকার কিছু করতে চায়। চিনির পাশাপাশি এখানে উৎপাদিত অন্যান্য পণ্যের চাহিদা আছে। কাজেই আমরা কেরুর সক্ষমতা দ্বিগুণ করতে এখানে দ্বিতীয় একটি ইউনিট করার চিন্তা করছি। সেটা বিয়ার বা জুস ফ্যাক্টরি হতে পারে।
শিল্প সচিব জাকিয়া সুলতানা বলেন, লোকসানি প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করতে চাই। উচ্চফলনশীল জাতের আখ উদ্ভাবনের চেষ্টা করছি।
