কমলগঞ্জে পবিত্র কুমার সিংহ নামে মৌলভীবাজার আদালতের এক এসআইয়ের বিরুদ্ধে জমি দখল ও কাটা ধান লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। গত ১৭ ডিসেম্বর রাতে উপজেলার আলীনগরের তিলকপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। পরদিন ১৮ ডিসেম্বর জমির মালিক রঞ্জিত কুমার সিংহ কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন।
এসআই পবিত্র কুমারের বাড়ি আলীনগরের তিলকপুর গ্রামে।
থানায় করা অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে রঞ্জিত কুমার সিংহের জমির বর্গাচাষি হিসেবে যোগিন্দ্র শব্দকর ও জিতেন শব্দকর ধান চাষাবাদ করে আসছেন। সম্প্রতি তারা ধান কেটে জমিতে জমিয়ে রাখলে গত ১৭ ডিসেম্বর শুক্রবার রাতে কেটে রাখা প্রায় ১২ মণ ধান লুট করে নিয়ে যান মৌলভীবাজার আদালতের এসআই পবিত্র কুমার সিংহ।
তবে এসআই পবিত্র কুমার সিংহ গতকাল শনিবার মোবাইল ফোনে দাবি করেন, এ জমির মালিক তিনি। তাই তিনি নিজের জমির ধান কেটে নিয়ে গেছেন।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাচাড় বলেন, থানায় লিখিত অভিযোগের পর সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ নিয়ে পরপর দুই দিন সামাজিক বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।
