ক্রেডিট গ্যারান্টি স্কিমে যোগ হচ্ছে আড়াই হাজার কোটি টাকা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১১:০১ পিএম

কুটির, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র (সিএমএস) শিল্পকে পর্যাপ্ত ঋণপ্রাপ্তি নিশ্চিত করতে ক্রেডিট গ্যারান্টি স্কিমের তহবিলের আকার বাড়াচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আন্তর্জাতিক একটি সংস্থা এই তহবিলে ৩০ কোটি ডলার সহায়তা হিসেবে দেবে। বাংলাদেশি টাকায় এর পরিমাণ দাঁড়াবে ২ হাজার ৫৭৪ কোটি টাকা। এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আন্তর্জাতিক ওই সংস্থাটির আলাপ-আলোচনা চলমান রয়েছে।

এর ফলে ব্যাংকগুলোর আরও বেশি সিএমএসই ঋণ ক্রেডিট গ্যারান্টি স্কিমের আওতায় আসবে বলে আশা করছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা চাই এসএমই প্রতিষ্ঠান পর্যাপ্ত ঋণ পাক। ব্যাংকগুলো যাতে এসএমই প্রতিষ্ঠানকে স্বতঃস্ফূর্তভাবে ঋণ বিতরণ করে সেই লক্ষ্য নিয়ে ক্রেডিট গ্যারান্টি স্কিম করা হয়েছে। এই স্কিমের আওতায় বিতরণ করা এসএমই ঋণখেলাপি হয়ে পড়লেও ব্যাংকগুলোর কোনো লোকসান হবে না। এই স্কিম থেকে ওই লোকসানের ৮০ শতাংশ বহন করা হবে।’ এ নিয়ে গতকাল রবিবার কেন্দ্রীয় ব্যাংকে একটি বৈঠকও করেন আবু ফরাহ মো. নাছের। ওই বৈঠকে ক্রেডিট গ্যারান্টি স্কিমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক সূত্রে জানা যায়, সিএমএসই ঋণের পাশাপাশি পরিবেশবান্ধব অর্থায়নকেও ক্রেডিট গ্যারান্টির আওতায় নিয়ে আসতে চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক। সবুজ অর্থায়ন বাড়াতে এই উদ্যোগ নিচ্ছে সংস্থাটি। প্রথম পর্যায়ে ব্যাংকের সবুজ অর্থায়নকে ক্রেডিট গ্যারান্টি সুবিধা দিতে ৫ কোটি ডলার বা ৪৩০ কোটি টাকার একটি তহবিল করবে কেন্দ্রীয় ব্যাংক। জানা গেছে, ২০২০ সালের ২৭ জুলাই কুটির, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র (সিএমএস) শিল্পের উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণ দেওয়ার জন্য ২ হাজার কোটি টাকার একটি তহবিল নিয়ে ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু করে কেন্দ্রীয় ব্যাংক। এই গ্যারান্টি সুবিধা গ্রহণের জন্য ইতিমধ্যে ২৪টি ব্যাংক ও ৩টি আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে।

শুরুতে কেবল চলতি মূলধন ঋণ এই গ্যারান্টি সুবিধার আওতায় থাকলেও সম্প্রতি মেয়াদি ঋণকেও এই সুবিধার আওতায় নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক। এই স্কিমের আওতায় বিতরণ করা ঋণের সর্বোচ্চ ৮০ শতাংশ ভর্তুকি সুবিধার আওতায় থাকবে। জামানতহীন ঋণ আদায় না হলে ক্রেডিট গ্যারান্টি স্কিম থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে লোকসানের সর্বোচ্চ ৩০ শতাংশ ভর্তুকি দেওয়া হয়। তবে এ ধরনের গ্যারান্টি সুবিধা পেতে প্রতিটি ঋণ পোর্টফোলিওর বিপরীতে ১ শতাংশ হারে গ্যারান্টি ফি দিতে হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত