ভোটের রাতে খাবার আনতে গিয়ে প্রাণ গেল পোলিং অফিসারের

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১১:১৯ পিএম

নীলফামারীর সৈয়দপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত পোলিং অফিসার নিহত হয়েছেন। তার নাম খাদেমুল ইসলাম (৫৫)। তিনি গতকাল রবিবার অনুষ্ঠিত হওয়া খাতামধুপুর ইউনিয়নের খালিশা ঢুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন। এ ঘটনায় একই কেন্দ্রের আরেক পোলিং অফিসার আবদুল গনি বাদশা (৪৫) গুরুতর আহত হয়েছেন। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের কলাবাগান নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। তারা দুজনে রাতের খাবারের জন্য মোটরসাইকেলযোগে সৈয়দপুর শহরে যাচ্ছিলেন।

ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও লক্ষ্মণপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম বলেন, শনিবার বিকেল থেকে আমরা ভোটকেন্দ্রে অবস্থান করছিলাম। তারা দুজনে রাতের খাবারের জন্য সৈয়দপুর শহরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন।

খাদেমুল ইসলামের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি গ্রামের কুঠিপাড়ায়। তিনি লক্ষ্মণপুর বালাপাড়া দাখিল মাদ্রাসার শরীরচর্চা শিক্ষক ছিলেন। আহত আবদুল গনি বাদশার বাড়ি সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষ্মণপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুরগামী একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলচালক খাদেমুল মারা যান। আহত বাদশাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসকর্মীরা প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আড়াইহাজারে যাত্রীবাহী বাস খাদে পড়ে যুবক নিহত : নারায়ণগঞ্জের আড়াইহাজারে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। গতকাল দুপুর ১টার দিকে উপজেলার ছনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গতকাল সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশের সার্জেন্ট কামরুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা,‘ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস’ নামে একটি যাত্রীবাহী বাস আড়াইহাজারের ছনপাড়া এলাকায় একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক যুবক নিহত হন। আহতদের স্থানীয় রূপগঞ্জ ইউএস-বাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত