রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ফারুক হোসাইন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার ভোর পৌনে ৬টার দিকে মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
রাবির এই শিক্ষক ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছিলেন। মৃত্যুকালে তিনি এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অধ্যাপক ফারুক হোসাইনের মৃত্যুর তথ্য জানিয়ে রাবির সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কে. এম. রবিউল করিম দেশ রূপান্তরকে বলেন, ‘স্যার ২০১৯ সাল থেকে ক্যানসারে আক্রান্ত। ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে গত ২৬ জুলাই ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। মাঝখানে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। তবে কয়েকদিন আগে স্বাস্থ্যের অবনতি হলে আবার হসপিটালাইজড করা হয়।
অধ্যাপক ফারুক হোসাইন যশোর সদর উপজেলার দোগাছিয়া গ্রামে ১৯৭২ সালে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে ১৯৯৩ সালে স্নাতক এবং ১৯৯৪ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০২ সালে রাবির সমাজকর্ম বিভাগে প্রভাষক পদে যোগ দেন অধ্যাপক ফারুক।
