আলোচনা সভায় আব্বাস

খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য করতে হবে

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১১:৪৫ পিএম

খালেদা জিয়াকে সরকার মুক্তি দেবে না, এজন্য আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, ‘সরকার দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে অনুমতি দেবে না। তাই আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করতে হবে।’ গতকাল সোমবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দেওয়া হয়েছে। এখন তিনি গুরুতর অসুস্থ। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন। কিন্তু সরকার অনুমতি দিচ্ছে না। অথচ অনেক সাজাপ্রাপ্ত আসামিকে বিদেশে পাঠানো হয়েছে। তারা বিদেশে গিয়ে হাওয়া খাচ্ছে। অথচ খালেদা জিয়া সম্পূর্ণ নির্দোষ। বিনা অপরাধে প্রতিহিংসামূলকভাবে সরকার তাকে কারাবন্দি করেছে। তাই আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করতে হবে।’

সভায় বক্তব্য দেন বিএনপির সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন উজ্জ্বল, জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত