আগামী দিনে ক্রীড়াঙ্গনকে নতুন উচ্চতায় নিতে চান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বলেছেন অলিম্পিকে ভালো করা, ক্রিকেটের মতো অন্যান্য খেলাধুলায় দৃশ্যমান উন্নতির দিকে দৃষ্টি দেওয়া হবে।
গতকাল বিওএ ভবনে নর্বনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে পরিচিতিপর্ব শেষে গণমাধ্যমের মুখোমুখি হন শফিউদ্দিন আহমেদ। সেখানে বলেন, ‘আমাদের উদ্দেশ্য থাকবে, দৃশ্যমান কিছু দেওয়া। দৃশ্যমানটা হলো আমরা ক্রিকেটে যেমন ভালো করছি বা ফুটবলে, সে রকমটা হওয়া। উদাহরণ হিসেবে বলতে চাই, ব্রাজিল যে পরিমাণ টাকা ফুটবলে বিনিয়োগ করে, ক্রিকেটে কিন্তু ততটা করে না। আমাদের যেসব সম্ভাবনাময় ক্ষেত্র, সে সব জায়গায় আমরা বেশি করে বিনিয়োগ করব। আমরা বিভিন্ন গেমসে লক্ষ রাখছি, অলিম্পকে লক্ষ রাখছি যাতে পদকের সংখ্যা বাড়াতে পারি। সেটাই হবে আমাদের প্রাথমিক লক্ষ্য অর্জন। বিষয়টি এমন যে, আমরা কিছু অর্জন করেছি’- বলেছেন তিনি। সঙ্গে জেনারেল শফিউদ্দিন যোগ করেন, ‘আমরা অর্জনে বিশ্বাস করি। লক্ষ্য থাকতে হবে অনেক দূর। আজ যদি আমি চাঁদে যাওয়ার চিন্তা করি, আজ হয়তো পারব না, কিন্তু লক্ষ্য থাকা ভালো। লক্ষ্য থাকতে হবে যুগোপযোগী এবং চ্যালেঞ্জ জেতা। তবে এত বেশি চ্যালেঞ্জিং না যে কালই আমি অলিম্পিকে ১০০ মিটারে স্বর্ণ জিতব, সেটা আবার বেশি হয়ে যাবে। আমরা পারব না। অলিম্পিকে ভালো করার জন্য সাফ গেমস ও এশিয়ান গেমসে ভালো করতে হবে। এগুলো বড় জায়গায় যাওয়ার একটা পদক্ষেপ মাত্র।’
বিওএ সভাপতি বলেন, ‘এক্সিকিউটিভ কমিটির সবার পরিচিতি পেয়ে দেখলাম কমিটির সবাই যার যার ফিল্ডে একজন এক্সপার্ট। তাদের সমন্বিত দক্ষতা কাজে লাগিয়ে আমরা একটি সিম্পল লক্ষ্য রেখেছি। সেটা হচ্ছে আগের চেয়ে ভালো করার লক্ষ্য। ইনশাআল্লাহ আপনাদের সবার সহযোগিতা পেলে আমরা আগের চেয়ে ভালো করতে পারব।’ বিওএর সভায় মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুন, কাজী নাবিল আহমেদ, মাহবুব আরা গিনি, উপমহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু, আশিকুর রহমান মিকু এবং কোষাধ্যক্ষ একে সরকারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
