অস্ট্রেলিয়ায় প্রথমারের মতো করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত একজন রোগীর মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির বয়স ৮০ বছর। গতকাল সোমবার দেশটির কর্র্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। তবে হাসপাতালে ভর্তির হার কম হওয়ায় নতুন করে বিধিনিষেধ কোনো কভিড বিধি আরোপ করা হয়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা। সরকার কর্র্তৃক প্রচারিত একটি ভিডিওতে মহামারী বিশেষজ্ঞ ক্রিস্টিন সেলভি বলেন, নিউ সাউথ ওয়েলস রাজ্যে ওমিক্রন ভ্যারিয়েন্টে প্রথমবারের মতো একজনের মৃত্যু হয়েছে।
এদিকে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট স্থানীয়ভাবে ছড়িয়ে পড়তে শুরু করায় উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে জাপান। ওসাকা, কিয়োতো, টোকিও, ফুকুওকায় এমন কিছু সংক্রমণের ঘটনা শনাক্ত হয়েছে, যেগুলোর ক্ষেত্রে সংক্রমণের পথ নির্ধারণ করা যায়নি। আক্রান্ত ব্যক্তিদের সম্প্রতি বিদেশ ভ্রমণেরও কোনো রেকর্ড নেই।
গত শনিবার ফুকুওকায় স্থানীয়ভাবে প্রথম সংক্রমণের খবর নিশ্চিত করা হয়। উপসর্গ দেখা দেওয়ার দুই দিন আগে আক্রান্ত ওই পুরুষ ওসাকা ও কিয়োতোতে গিয়েছিলেন। কর্মকর্তারা এখন অনুসন্ধান করে দেখছেন, তিনি সেখানেই ওমিক্রনে আক্রান্ত হয়েছিলেন কি না। ওসাকা, কিয়োতো ও টোকিওর কর্র্তৃপক্ষ বাসিন্দাদের এমনকি কোনো ধরনের উপসর্গ না থাকলেও বিনা মূল্যে ভাইরাস পরীক্ষার অনুমোদন দেওয়া শুরু করেছে।
