নারায়ণগঞ্জে রেলক্রসিংয়ে যানজটে আটকা পড়া বাসে ট্রেনের ধাক্কায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মেজবাহ উদ্দীন নামের ওই ব্যক্তি মারা যান। এ নিয়ে রবিবারের ওই ঘটনায় মোট চারজনের মৃত্যু হলো। ঢামেক পুলিশ ফাঁসির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মেজবাহ উদ্দীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার রাতে প্রথমে তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। তার মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
মেজবাহ উদ্দীনের ছেলে মাহমুদ শিশির জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানার ঘাড়মোড়া গ্রামে। গতকাল পঞ্চবটি থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন তিনি।
গত রবিবার নারায়ণগঞ্জ শহরের ১নং লেভেল ক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই এক শিশুসহ ২ জন নিহত হয়। আহত হয় কমপক্ষে ৮ জন। এদের মধ্যে গুরুতর ৪ জনকে ঢাকায় পাঠানো হয়। পরে রাতে ঢামেকে মারা যায় ১০ বছর বয়সী আরেক শিশু।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা থেকে আসা একটি দ্রুতগামী ট্রেন যানজটের কারণে রেললাইনের ওপর আটকে থাকা আনন্দ পরিবহনের যাত্রীবাহী বাসকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পরপরই ট্রেনের চালক পালিয়ে গেছে।
