কক্সবাজারে স্বামী-সন্তান নিয়ে বেড়াতে গিয়ে এক নারীকে ‘দলবদ্ধ ধর্ষণের’ ঘটনায় ইসরাফিল হুদা জয় (২৭) নামের আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে টুরিস্ট পুলিশ।
মঙ্গলবার ভোরে কক্সবাজার শহরের বাহারছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইসরাফিল হুদা জয় কক্সবাজার শহরের শফিউদ্দীনের ছেলে ও ঘটনার মূল হোতা আশিকের সহযোগী এবং এজাহারভুক্ত ৩নং আসামি।
দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন টুরিস্ট পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. মোসলেম উদ্দিন।
তিনি বলেন, এ পর্যন্ত মূল অভিযুক্ত আশিকুল ইসলাম আশিকসহ এজাহারনামীয় তিনজন এবং ভুক্তভোগী নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় হোটেল ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটন চার দিন এবং অন্য তিন আসামি দুই দিনের রিমান্ডে রয়েছে।
এর আগে রবিবার মাদারীপুর থেকে র্যাব গ্রেপ্তার করে মামলার প্রধান আসামি আশিকুল ইসলাম আশিককে।
গত ২২ ডিসেম্বর রাতে স্বামী-সন্তান নিয়ে কক্সবাজার বেড়াতে আসা নারী ধর্ষণের শিকার হন।
এই ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে। এতে আশিকুল ইসলাম আশিক, বাবু, জয় ও রিয়াজ উদ্দিনের নাম উল্লেখ করে আরও দুই-তিনজনকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে। ওই মামলায় পুলিশ ও র্যাব পৃথক অভিযান চালিয়ে ৬ জন আসামিকে গ্রেপ্তার করে।
