ডাবল সেঞ্চুরি হাঁকানোর পরের ম্যাচেই সেঞ্চুরি তুলে নিলেন তৌহিদ হৃদয়। সতীর্থ অমিত হাসানও পেলেন সেঞ্চুরি। আগের ম্যাচে যিনিও সেঞ্চুরি উপহার দিয়েছিলেন।
বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) হৃদয় ও অমিতের দারুণ দুটি ইনিংসে ওয়ালটন মধ্যাঞ্চলের বড় সংগ্রহের জবাবটা ভালোই দিচ্ছে বিসিবি দক্ষিণাঞ্চল।
তৃতীয় রাউন্ডের তৃতীয় দিন শেষে দক্ষিণাঞ্চলের সংগ্রহ ৫ উইকেটে ৩৮১ রান। প্রতিপক্ষের চেয়ে পিছিয়ে আছে তারা ঠিক ১০০ রানে।
হৃদয় খেলেছেন ১২২ রানের ইনিংস। ১৫৫ বলে ১৩ চার ও ৪ ছক্কায় সাজান নিজের ইনিংস। আগের ম্যাচে প্রথম শ্রেণির ক্যারিয়ারে পাওয়া প্রথম সেঞ্চুরিকে ডাবলে রূপ দেন হৃদয়।
অমিত এদিন পেলেন প্রথম শ্রেণির ক্যারিয়ারে পঞ্চম সেঞ্চুরি। ২৭৫ বলে ১৭ চারে ১১৭ রান করেন তিনি। তৃতীয় উইকেটে অমিত ও হৃদয় গড়েন ২০১ রানের জুটি।
জাকির হাসান ৩৬ ও ফরহাদ রেজা ১২ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।
