পরীমণি : করোনার কারণে সিনেমায় কাজ কম হলেও বেশকিছু আলোচিত ঘটনার জন্ম হয়েছে শোবিজ পাড়ায়। এর মধ্যে সবচেয়ে আলোচনায় ছিল পরীমণি ইস্যু। বছরের মাঝামাঝি সময়ে চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগ উঠে নাসির উদ্দিন মাহমুদ নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। ফেইসবুকে লাইভে এসে এমন অভিযোগ করেন পরী। এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরে কাকতালীয়ভাবে অভিযোগ যায় পরীমণির বিরুদ্ধে। ৪ আগস্ট বনানীর বাড়ি থেকে পরীমণিকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ ছিল, বাড়িতে নিষিদ্ধ মাদক রেখেছিলেন এই অভিনেত্রী। এরপর তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ৫ আগস্ট তাকে আদালতে তোলা হলে চার দিন জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এরপর ১০ আগস্ট ফের মেয়াদ বৃদ্ধি হয় জেল হেফাজতের। এর মধ্যেই নানা বিতর্কের সৃষ্টি হতে থাকে। সোশ্যাল মিডিয়ার আলোচনায় উঠে আসেন তিনি। গ্রেপ্তারের ২৬ দিনের মাথায় ৩১ আগস্ট জামিন পান পরী।
ইভ্যালি : আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগে জনপ্রিয় তারকা তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয়জনের বিরুদ্ধে ডিসেম্বরের ৪ তারিখ মামলা হয়। এই নিয়ে গোটা শোবিজ সরগরম হয়ে ওঠে। তবে ১৩ ডিসেম্বর হাইকোর্ট থেকে আগাম জামিন পান মিথিলা ও ফারিয়া। তাহসান এই মুহূর্তে দেশের বাইরে অবস্থান করছেন। এ মামলাটি এখনো চলমান।
অডিও ক্লিপ : ডিসেম্বরের শুরুর দিকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং নায়ক ইমনের কথোপকথনের একটি অডিও ক্লিপ ফেইসবুকে ভাইরাল হয়। সেখানে মাহিকে অশ্লীল কথা বলেন প্রতিমন্ত্রী। এরই জেরে তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়। মাহি তখন ওমরাহ পালনের জন্য সৌদি আরবে ছিলেন।
রেহানা মরিয়ম নূর : ২০২১ সালের আলোচিত ঘটনাগুলোর ভেতর সবচেয়ে সম্মানজনক ঘটনা হচ্ছে, ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে আর্তে সা রিগা বিভাগে প্রদর্শিত হয় বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’। এটি এ বিভাগে স্থান পাওয়া প্রথম বাংলাদেশি চলচ্চিত্র। এরপর বিশ্বের বিভিন্ন দেশের উৎসবে সম্মানিত হয় সিনেমাটি। মোহাম্মদ আবদুল্লাহ সাদ পরিচালিত এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজমেরি হক বাঁধন।
বিয়ে
২০২১ সালে আমাদের মিডিয়ার বেশ কজন তারকা বিয়ের পিঁড়িতে বসেছেন। উল্লেখযোগ্য কয়েকটির খবর তুলে ধরা হলো :
চলতি বছরের শুরুতেই ১২ জানুয়ারি বিয়ের খবর দেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। মডেল আফসানা চৌধুরী শিফাকে বিয়ে করেন তিনি। এটি তার তৃতীয় বিয়ে।
সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল ১৪ এপ্রিল রাতে ঘরোয়া আয়োজনে দ্বিতীয়বার বিয়ে করেন। তার বর সৈয়দ রেজা আলী অস্ট্রেলিয়ার এটি ব্যাংকে কর্মরত এবং তিনি গিটারিস্টও। এর আগে ২০১৯ সালের ২০ মার্চ কানাডাপ্রবাসী আলোকচিত্রী ইসলাম নুরুলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পুতুল।
চলতি বছরের আগস্টের শেষ সপ্তাহে তৃতীয়বার বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। গীতিকবি মহসীন মেহেদীকে বিয়ে করেন তিনি। চলতি বছর ২ সেপ্টেম্বর অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বও বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার স্ত্রী যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ান। এটি অপূর্বর তৃতীয় আর শাম্মার দ্বিতীয় বিয়ে। মডেল, উপস্থাপিকা ও নৃত্যশিল্পী বারিশ হক দীর্ঘদিনের প্রেমিক আলভী রায়হান সীমান্তর সঙ্গে ১০ সেপ্টেম্বর বাগদান সারেন। এরপর অক্টোবর মাসে বিয়ে করেছেন তারা। চুপিসারে দীর্ঘদিন প্রেম করার পর চলতি বছর তৃতীয় বিয়ের খবর দেন নায়িকা মাহিয়া মাহি। চলতি বছরের ১৩ সেপ্টেম্বর মধ্যরাতে রাকিব সরকারের সঙ্গে একটি ছবি শেয়ার করে বিয়ের কথা জানান মাহি। তার স্বামীর নাম রাকিব সরকার। তিনি ব্যবসায়ী ও গাজীপুরের এক রাজনীতিক পরিবারের সন্তান। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের জন্মদিন ছিল ১০ নভেম্বর। জন্মদিনের বিশেষ দিনে বাগদান সারেন এই অভিনেত্রী। তার হবু স্বামীর নাম সনি পোদ্দার। তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত।
১৯৯৮ সালে মুক্তি পাওয়া প্রয়াত পরিচালক শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘ভণ্ড’ মুভিতে নায়ক রুবেলের সঙ্গে জুটি বেঁধে জনপ্রিয়তা পান নায়িকা তামান্না। ক্যারিয়ারের মধ্যগগনে থাকতেই চলচ্চিত্র থেকে বিদায় নিয়ে উন্নত জীবনযাত্রার টানে পাড়ি জমান সুইডেনে। সম্প্রতি বিয়ে করেছেন তিনি। তামান্নার স্বামী গুজরাটি মুসলিম সুইডেনে বসবাসরত ব্যবসায়ী মোহাম্মদ দাইয়া। গত ২৬ নভেম্বর তাদের বিবাহ সম্পন্ন হয়। ক্রিকেটার নাসিরের সঙ্গে প্রেম নিয়ে আলোচনায় আসা শাহ হুমায়রা সুবাহও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ডিসেম্বর মাসের ১ তারিখ কণ্ঠশিল্পী ইলিয়াস হোসেনকে বিয়ে করেন তিনি।
