করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্টের সংক্রমণের আশঙ্কায় সিইএস ২০২২ থেকে এবার পিছু হটেছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। আয়োজকরা সিইএস ২০২২ অংশগ্রহণকারীদের সশরীর উপস্থিতিতে অনুষ্ঠিত হবে বললেও, ক্রমেই বড় হচ্ছে সম্মেলন থেকে পিছু হটা প্রতিষ্ঠানের তালিকা। ইনটেল, জেনারেল মোটর্স, আমাজন এবং গুগলের পর সেই তালিকায় যোগ হলো মাইক্রোসফট।
ইমেইলে পাঠানো এক বিবৃতিতে মাইক্রোসফট বলেছে, ‘দ্রুত পরিবর্তিত হতে থাকা কভিড পরিস্থিতির সর্বশেষ তথ্য বিশ্লেষণের পর, মাইক্রোসফট সিইএস-২০২২-এ সশরীরে উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিয়েছে।’
সিইএস থেকে পিছু হটলেও ‘মাইক্রোসফট পার্টনার ইনোভেশন এক্সপেরিয়েন্স’ এবং ‘অটো মোটিভ প্রেস কিট’-এ ডিজিটাল উপস্থিতি থাকবে মার্কিন শীর্ষ সফটওয়্যার জায়ান্টের।
এ বছর সিইএস-২০২২-এ সম্মেলনে সফটওয়্যার নিয়ে উপস্থাপনায় ‘মনোনীত প্রতিষ্ঠান’ হিসেবে থাকার কথা ছিল মাইক্রোসফটের। কিন্তু কভিড পরিস্থিতির আকস্মিক অবনতি এবং আশঙ্ককাজনক বৃদ্ধি পাওয়ায় সিইএস থেকে একে একে পিছু হটছে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।
এরই মধ্যে সম্মেলনে সরাসরি উপস্থিত না থাকার ঘোষণা দিয়েছে লেনোভো, টি-মোবাইল, আমাজন, মেটা, জেনারেল মোটর্স, ইনটেল, টুইটার ও গুগল। ওমিক্রন সংক্রমণ বেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে; নতুন ভেরিয়েন্টের সংক্রমণের হার বাড়ছে দেশটির নাগরিকদের মধ্যে। দুদিন আগেই সিইএসের আয়োজক কর্র্তৃপক্ষ জোর দিয়ে বলেছে, আগের পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে সিইএস ২০২২; টিকার প্রমাণপত্র, মাস্ক এবং বিনা খরচের র্যাপিড টেস্ট নিয়ে আয়োজনে সশরীরে উপস্থিত থাকবেন অংশগ্রহণকারীরা। আয়োজক ‘কনজিউমার টেকনোলজি অ্যাসোসিয়েশন জানিয়েছে, এখন পর্যন্ত সিইএস থেকে পিছু হটেছে ৪২টি প্রতিষ্ঠান।
