ফেনীর আওয়ামী লীগদলীয় সাবেক সংসদ সদস্য ও আলোচিত রাজনীতিক জয়নাল আবেদীন হাজারীর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ মাগরিব অছিয়ত অনুযায়ী জানাজা শেষে তাকে বাসভবন মুজিব উদ্যানের বকুল তলায় দাফন করা হয়।
এর আগে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জয়নাল হাজারীর দ্বিতীয় জানাজা হয়। এতে ইমামতি করেন ফেনী জহিরিয়া মসজিদের খতিব মুফতি ইলিয়াস হোসেন। জানাজায় আওয়ামী লীগসহ বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। জানাজার আগে জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা জয়নাল হাজারীকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।
জানাজার আগে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খুরশিদ আলম সুজন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সায়ীদ আল মাহমুদ স্বপন, ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী প্রমুখ।
গত সোমবার বিকেল ৫টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জয়নাল হাজারী (৭৬)। এরপর গতকাল সকাল ১০টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তার প্রথম জানাজা হয়। এরপর ঢাকা থেকে মরদেহ দুপুর আড়াইটার দিকে ফেনী পৌর শহরের মাস্টারপাড়া হাজারী বাড়িতে পৌঁছায়।
