সেই ট্রলারচালক মিলনকে পুরস্কৃত করলেন এসপি

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ০৪:২১ পিএম

ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের পর নদীতে লাফিয়ে পড়ে তীরে ওঠা এবং লঞ্চ থেকে আহত প্রায় তিন শতাধিক যাত্রীকে বিনা ভাড়ায় পারাপার করা ট্রলার চালক মিলন খানকে নগদ অর্থ পুরস্কার দিয়েছে জেলা পুলিশ।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে তাকে নগদ পাঁচ হাজার টাকা তুলে দেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে, সদর থানার ওসি খলিলুর রহমান ও ওসি (তদন্ত) সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। পুলিশের সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন মিলন খান।

মিলন খান বলেন, ঘটনার দিন রাতে আগুনে পোড়া যাত্রীদের আর্তনাদ শুনে রাত তিনটায় ট্রলার নিয়ে লঞ্চ দুর্ঘটনার প্রায় তিন শতাধিক যাত্রীকে উদ্ধারে কাজ করেছেন তিনি। আহত যাত্রীদের বিনা ভাড়ায় নিরাপদে ঝালকাঠি লঞ্চঘাট এলাকায় পৌঁছে দিয়েছেন। পুরস্কার পাওয়ার জন্য তিনি আহত যাত্রীদের উদ্ধার করেননি। তবে জেলা পুলিশ তাকে যে সম্মান দেখিয়েছে তাতে তিনি খুব খুশি।

ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, মিলন খান যে কাজটি করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। আমি প্রথমে বিষয়টি গণমাধ্যমে দেখেছি। আগুনের খবর পেয়ে তিনি নিজের ট্রলার নিয়ে বিনা ভাড়ায় মানুষকে পারাপার করেছেন। আমি জেলা পুলিশের পক্ষ থেকে তাকে সামান্য শুভেচ্ছা উপহার দিয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত