অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের ৫ প্রকৌশলী ও তাদের স্ত্রীসহ ৯ জনের সম্পদের বিবরণী চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ২১ কার্যদিবসের মধ্যে এই বিবরণী জমা দিতে বলা হয়েছে।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক জানান, বুধবার পাঁচ প্রকৌশলী ও তাদের চারজনের স্ত্রীর সম্পদ বিবরণী জমা দিতে নোটিশ দেওয়া হয়।
যাদের নোটিশ দেওয়া হয়েছে, তারা হলেন- প্রধানমন্ত্রী কার্যালয়ের গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান প্রধান ও তার স্ত্রী নাসরিন রহমান, গণপূর্ত বিভাগের শেরেবাংলা নগরের (সার্কেল-৩) উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ নওশাদুল হক ও তার স্ত্রী সালেহা বেগম, গণপূর্তের শেরেবাংলা নগর অফিসের উপসহকারী প্রকৌশলী (সিভিল) মোহাম্মদ আতাউর রহমান ও তার স্ত্রী সাদিয়া আফরিন, গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. আমিনুল ইসলাম ও তার স্ত্রী কল্পনা আক্তার এবং গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী (সিভিল) মো. হুমায়ুন কবির।
জানা যায়, পাঁচ প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে দুদক অনুসন্ধান চালালে অবৈধ সম্পদের তথ্য পাওয়া যায়।
নোটিশে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
