দুই দিন আগে ম্যানচেস্টার সিটির কাছে ৬ গোল হজম করেছিল লেস্টার সিটি। জয় তো বটেই, লিভারপুলও যে সিটির মতো গোল উৎসব করবে লেস্টারকে পেয়ে, তেমনটিই ভেবেছিলেন অনেকে। কিন্তু দুদিনের ব্যবধানে ভিন্ন এক লেস্টারকে দেখা গেল। ম্যাচের ১৬ মিনিটেই মোহামেদ সালাহর পেনাল্টি মিসের সুযোগে লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে তারা। শেষ দুই ম্যাচে পাঁচ পয়েন্ট হারানোয় লিগ শিরোপা জয় নিয়েই সংশয়ে পড়ে গেছে লিভারপুল। ১৯ ম্যাচ শেষে শীর্ষের ম্যানসিটির চেয়ে ৬ পয়েন্ট পেছনে পড়েছে তারা। একগাদা সেন্টারব্যাকের চোটের কারণে রক্ষণে খেলা নাইজেরিয়ান মিডফিল্ডার উইলফ্রিয়েড এনদিদির কল্যাণে পেনাল্টি পেয়েছিল লিভারপুল। সালাহর নেওয়া সেই পেনাল্টি ঠেকিয়ে দেন লেস্টারের ডেনিশ গোলকিপার ক্যাসপার স্মাইকেল। পরে হেড করেও বল জালে জড়াতে পারেননি সালাহ। টানা ১৫ পেনাল্টিতে গোল করার পর পেনাল্টি মিস করলেন এই মিসরীয়। এর আগে ২০১৭ সালে হাডার্সফিল্ডের টাউনের বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন তিনি।
×
