দেখতে দেখতে ২০২১ সাল শেষের পথে। পুরো বছর জুড়ে একগুচ্ছ গোলের রেকর্ড করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো, লিওনেল মেসি এবং রবার্ট লেভানডোস্কিরা।
এক নজরে দেখে নেওয়া যাক একুশের সেরা নয় গোলদাতাকে-
রবার্ট লেভানডোস্কি
পোলিশ সুপারস্টার রবার্ট লেভানডোস্কি ২০২১ সালে সবচেয়ে বেশি গোল করেছেন। এ বছর ৫৫ ম্যাচে খেলে তিনি ৬৯ গোল করেছেন। লেভানডোস্কি ব্যালন ডি’অর পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। কিন্তু লিওনেল মেসি এ বছর সেই খেতাব জিতেছেন।
আর্লিং হলান্ড
বরুশিয়া ডর্টমুন্ডের ২১ বছরের তারকা ফুটবলার আর্লিং হলান্ড এ বছর ৪২ ম্যাচে ৪৩টি গোল করে বছরের সর্বোচ্চ গোলদাতার তালিকায় দুই নম্বরে রয়েছে।
কিলিয়ান এমবাপে
পিএসজির তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে ২০২১ সালে ৫২ ম্যাচে ৪১ গোল করে এই তালিকায় তিন নম্বরে রয়েছেন।
মোহামেদ সালাহ
মিশরের মোহামেদ সালাহ এই তালিকায় রয়েছেন চার নম্বরে। প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে ১০০ গোল করা প্রথম ফুটবলার তিনি। সালাহ এ বছর ৫২ ম্যাচে ৪১টি গোল করেছেন।
করিম বেনজেমা
রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার করিম বেনজেমা এ বছর ৪৮ ম্যাচে খেলে ৩৬ গোল করেছেন। বছরে সব থেকে বেশি গোল করা ফুটবলারদের তালিকায় ৫ নম্বরে রয়েছেন তিনি।
লিওনেল মেসি
২০২১ সালে বার্সেলোনা, পিএসজি এবং আর্জেন্টিনা মিলে ৪ ম্যাচে খেলেছেন লিওনেল মেসি। সব মিলিয়ে এ বছর আর্জেন্টাইন সুপারস্টার ৩৪টি গোল করেছেন। চলতি বছরে কোপা চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি, ক্যারিয়ারের সপ্তম ব্যালন ডি’অরও পেয়েছেন তিনি।
দুসান ভ্লাহোভিচ
এ বছর সবচেয়ে বেশি গোল করা ফুটবলারদের তালিকায় ক্রিস্তিয়ানো রোনালদোকে পিছনে ফেলে দিয়েছেন ফিওরেন্টিনার দুসান ভ্লাহোভিচ। এ বছর তিনি ৪৪ ম্যাচে ৩৪ গোল করেছেন।
ক্রিস্তিয়ানো রোনালদো
চলতি বছরে ৪৯ ম্যাচে মোট ৩৩ গোল করেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্তিয়ানো রোনালদো। এ বছর সব চেয়ে বেশি আন্তর্জাতিক গোলের রেকর্ডও গড়েছেন সিআর সেভেন। পর্তুগিজ জার্সিতে তার নামের পাশে রয়েছে রেকর্ড ১১৫ গোল।
চিরো ইমমোবিল
চিরো ইমমোবিল এ বারের ইউরো কাপ ২০২০-তে প্রথম দুই ম্যাচে তুর্কি এবং সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে দুটি গোল পেয়েছিলেন। ইউরোপা লিগে নভেম্বরে গোল করে লাজিওর হয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। চলতি বছরে ৪৬ ম্যাচে ৩২ গোল করেছেন ইমমোবিল।
