মৃত্যুর পর এলো জন্মের খবরের চিঠি!

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ০১:৫৩ এএম

যুক্তরাষ্ট্রের মিনেসোটার বাসিন্দা সুসান নর্ডিন। গত অক্টোবর মাসে মর্গান পার্ক এলাকার নতুন একটি বাড়িতে উঠেছেন তিনি। এর কয়েক দিনের মাথায় তার নতুন বাড়ির ঠিকানায় আসে এক ‘রহস্যজনক চিঠি’। চিঠিটি পাঠানো হয়েছিল ৬৮ বছর আগে, জনৈক এড এলসন দম্পতির নামে। জিমি নামের কারও জন্মের সংবাদ জানানো হয়েছে তাতে।

চিঠি পাওয়ার পরেই মর্গান পার্ক এলাকার একটি কমিউনিটি ফেইসবুক পেজে শেয়ার করেন সেই ঘটনা। এরপর পাওয়া যায় চিঠির আসল প্রাপকের হদিস। তবে যাদের নামে সেই চিঠি পাঠানো হয়েছিল তারা কেউই আজ বেঁচে নেই। এমনকি চিঠিতে যার জন্মের খবর জানানো হয়েছিল, জিমি নামের সেই ব্যক্তিরও মৃত্যু হয়েছে কয়েক মাস আগে!

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইউপিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেইসবুকে সুসানের পোস্ট চোখে পড়ে নেলসন দম্পতির নাতনি ও জিমির বোন কনি এন্ডারহমের। তিনিই সুসানের কাছে উন্মোচন করেন চিঠির রহস্য।

কনি জানান, গেল শতকের মাঝামাঝি তার বাবা চাকরির জন্য জার্মানিতে পাড়ি জমান। ১৯৫৩ সালের কোনো এক সময় জার্মানি থেকে চলে যান ডেনমার্কে। সে সময় কনির মা ছিলেন বাবার সঙ্গে। ওই বছরই কোপেনহেগেনে জন্ম হয় কনির বড় ভাই জিমি এন্ডারহমের। সেখান থেকেই মর্গান পার্কের বাড়িতে চিঠি লিখে সেই খবর পাঠান তার বাবা। কিন্তু অজ্ঞাত কারণে সেই চিঠি আর আসেনি। পরে অবশ্য কনির বাবা-মা দেশে ফিরে ওঠেন সেই বাড়িতেই। সেখানেই তার দাদা-দাদির মৃত্যু হয়েছে। কনি জানান, দাদা-দাদির মৃত্যুর পরপরই বাড়িটি বিক্রি করে দেন তা মা। পরে তারা ওঠেন নতুন বাড়িতে।

কনি বলেন, ‘চিঠিটি যে তারই বাবার লেখা সে বিষয়ে কোনো সন্দেহ নেই তার। চিঠিটি তার ভাইয়ের জন্মের সময়কার দারুণ এক স্মৃতি। তবে আফফোসের বিষয় গত আগস্টে মারা গেছেন তার ভাই জিমি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত