রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। গতকাল সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন তিনি। আজ ৩০ ডিসেম্বর অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
রাষ্ট্রপতি কভিড-১৯ মহামারীর সময়ে ভার্চুয়াল পদ্ধতিতে বিচারকার্য নিশ্চিত করার মাধ্যমে মামলা নিষ্পত্তিতে গতিশীলতা আনার জন্য প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানান।
বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, এটি ছিল রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী প্রধান বিচারপতির একটি সৌজন্য সাক্ষাৎ। দেশের সর্বোচ্চ আদালতকে বিচারপ্রার্থী জনগণের মহান আশ্রয়স্থল হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি দেশের বিচার বিভাগের সার্বিক উন্নয়নে প্রধান বিচারপতির উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে প্রধান বিচারপতি তার দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে দায়িত্ব পালন শুরু করেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সংবিধান অনুযায়ী ৬৭ বছর বয়স পর্যন্ত উচ্চ আদালতের বিচারপতিরা তাদের পদে থাকতে পারেন। সরকারি ছুটিতে বন্ধ থাকা এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশ থাকায় গত ১৫ ডিসেম্বর তার শেষ বিচারিক কর্মদিবসে তাকে বিদায় সংবর্ধনা দেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়।
