বর্ষসেরার দৌড়ে সাকিব

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১০:৫৭ পিএম

আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারে মনোনয়ন পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। বাকি তিনজন পাকিস্তান অধিনায়ক বাবর আজম, দক্ষিণ আফ্রিকার জানেমান মালান ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা।

বিদায় বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পারফরম্যান্সের মূল্যায়নে বর্ষসেরা মনোনয়ন দেয় আইসিসি। এ বছর এই সময় ৯টি ওয়ানডেতে ৩৯.৫৭ গড়ে ২৭৭ রান করেছেন সাকিব। এর মধ্যে ফিফটি ছিল দুটি। বোলিংয়ে ১৭.৫২ গড়ে নিয়েছেন ১৭ উইকেট। উইন্ডিজের বিপক্ষে সিরিজ জেতানো পারফরম্যান্স দিয়ে শুরু করেছিলেন সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে মে মাসে তিন ম্যাচ সিরিজে ফর্মে ছিলেন না। ৩ উইকেটের সঙ্গে মাত্র ১৯ রান করেন। তবে জিম্বাবুয়ের মাঠে তিন ম্যাচে ১৪৫ রান এবং ৮ উইকেট নেন। সিরিজসেরার পুরস্কারও পান। জুলাইয়ের পর থেকে ওয়ানডে খেলেননি। 

পাকিস্তান অধিনায়ক বাবর আজম এ বছর ৬ ওয়ানডেতে ৬৭.৫০ গড়ে করেছেন ৪০৫ রান। পাকিস্তানের দুটি ওয়ানডে সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার ব্যাটসম্যান জানেমান মালান এ বছর ৮ ম্যাচে ৮৪.৮৩ গড়ে করেছেন ৫০৯ রান। আর আইরিশ ওপেনার পল স্টার্লিং ১৪ ম্যাচে ৭৯.৬৬ গড়ে করেছেন ৭০৫ রান। টেস্টে আইসিসির বর্ষসেরা তালিকায় মনোনয়ন পেয়েছেন জো রুট, দিমুথ করুনারতেœ, কাইল জেমিসন ও রবিচন্দ্রন অশ্বিন। টি-টোয়েন্টিতে সেরা চারজনের তালিকায় আছেন মিচেল মার্শ, মোহাম্মদ রিজওয়ান, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও জস বাটলার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত