এবারের এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৯৬ দশমিক ৭৮ শতাংশ। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ফল অনুযায়ী, ২০০১ সালে সিলেট শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার পর এটাই পাসের সর্বোচ্চ হার। এবার জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮৩৪ জন শিক্ষার্থী।
এ বছর এসএসসি পরীক্ষায় সিলেট বোর্ডে ১ লাখ ১৯ হাজার ৫৫৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ১৫ হাজার ৭০০ জন। এ বোর্ডে পাসের হারে সবচেয়ে এগিয়ে সুনামগঞ্জ জেলা। এ জেলায় পাসের হার ৯৭ দশমিক ২৯ শতাংশ। বোর্ডের অধীন বাকি ৩ জেলার মধ্যে সিলেটে পাসের হার ৯৭ দশমিক ১৬ শতাংশ, মৌলভীবাজারে ৯৬ দশমিক ১১ শতাংশ ও হবিগঞ্জে ৯৬ দশমিক ২৬ শতাংশ। গত বছর সিলেট বোর্ডে পাসের হার ছিল ৭৮ দশমিক ৭৯ শতাংশ।
