তথ্যমন্ত্রী বললেন

কৃষি খাতে দেশের অর্জন বিশ্বকে অবাক করে দিয়েছে

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ০২:৪০ এএম

কৃষি খাতে বাংলাদেশের অর্জন বিশ্বকে অবাক করে দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘আমাদের খাদ্য উৎপাদন গত ৫০ বছর চারগুণ বৃদ্ধি পেয়েছে, যা শুধু বিশ্বকেই নয়, বিশ্ব খাদ্য সংস্থাকেও বিস্মিত করেছে।’

গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি আয়োজিত ‘বিজয়ের ৫০ বছর : কৃষি খাতে অর্জন’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে আজ পৃথিবীর সামনে কেস স্টাডি হিসেবে উপস্থাপন করা হয়। ঝড়, বন্যা, জলোচ্ছ্বাসের যে দেশে মাথাপিছু কৃষিজমির পরিমাণ পৃথিবীতে সর্বনিম্ন, মানুষের ঘনত্ব সর্বোচ্চ, জলবায়ু পরিবর্তনের প্রভাব যার নিত্যসঙ্গী, প্রতিবছর বন্যায় যে দেশের প্রায় অর্ধেক স্থলভূমি পানিতে তলিয়ে যায়, সেই দেশ এ সবকিছু মোকাবিলা করে কীভাবে কৃষিতে বিস্ময়কর উৎপাদন বৃদ্ধিতে সক্ষম হয়েছে, সেটি সত্যিই পৃথিবীর সামনে উদাহরণ।’

কৃষিতে বিস্ময়কর অর্জনে কৃষিবিদ ও কৃষকদের অবদান সবচেয়ে বড় উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের কৃষিবিদরাই ফসলের উচ্চ ফলনশীল ও উপকূলে আবাদযোগ্য লবণাক্ততাসহিষ্ণু জাত উদ্ভাবন করেছে, এগুলো আমাদের জন্য সম্পদ, পৃথিবীর জন্যও সম্পদ, যা না হলে আজ আমাদের পক্ষে এ অর্জন সম্ভবপর হতো না। বাংলাদেশ আয়তনের দিক দিয়ে পৃথিবীতে ৯২তম দেশ অথচ ধান উৎপাদনে চতুর্থ, মিঠাপানির মাছ উৎপাদনে সপ্তম, আলু উৎপাদনে সপ্তম। নেপালে যখন ভূমিকম্প হলো আমরা ৩০ হাজার মেট্রিক টন চাল দিয়েছি। এটি কোনো জাদুর কারণে নয়, বরং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণেই সম্ভবপর হয়েছে।’

বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ও কৃষি অর্থনীতিবিদ মো. মকবুল হোসেন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত