গত গ্রীষ্মে ইন্টার মিলান ছেড়ে চেলসিতে যোগ দেন রোমেলু লুকাকু। কিন্তু সিরি’আ চ্যাম্পিয়নদের ছেড়ে দেওয়ার কয়েক মাসের মধ্যে বেলজিয়ান ফরোয়ার্ড প্রকাশ্যে জানালেন, তিনি ফিরতে চান সান সিরোতে।
চেলসির কোচ টমাস টুখেলের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না লুকাকুর। ব্লুজদের হয়ে গত দুই ম্যাচে দুই গোল করলেও জার্মান কোচ ব্লুজদের যে ফরমেশনে খেলাচ্ছেন তাতে অসন্তুষ্ট তিনি। সেই সঙ্গে চোট ও কভিড-১৯ থেকে সেরে ওঠা ২৮ বছর বয়সী তারকা জানালেন, তিনি সম্পূর্ণ ফিট।
লুকাকু স্কাই স্পোর্ট ইতালিকে বলেন, ‘শারীরিকভাবে আমি সুস্থ আছি। তবে চেলসিতে এখন যে পরিস্থিতি, তাতে আমি সুখী নই। টুখেল আরেক পদ্ধতিতে দলকে খেলাচ্ছে। আমি তাতে সুখী নই এবং এটাই স্বাভাবিক। কেবল একটি বিষয় আমি করতে পারি, তা হলো ছেড়ে না দেওয়া এবং পেশাদারিত্ব বজায় রাখা।’
বেলজিয়ান ফরোয়ার্ড আরও বলেন, ‘ইন্টারকে আমি যেভাবে ছেড়ে এসেছি, উচিত হয়নি। আমি সমর্থকদের কাছে দুঃখিত। ইন্টার আমার হৃদয়ে আছে এবং আমি আশা করি তাদের হয়ে আবার খেলার। হৃদয়ের অন্তস্তল থেকে আমি ইন্টারে ফিরতে চাই। আমি তা ক্যারিয়ার শেষে করতে চাই না। তবে এখনো যখন শীর্ষ পর্যায়ে খেলছি, আমি ফিরতে চাই।’
