শ্রীলঙ্কাকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতল ভারত। ৬৩ বল হাতে রেখে ৯ উইকেটের জয় তুলে নেয় ভারত অনূর্ধ্ব-১৯ দল।
এ নিয়ে রেকর্ড আটবার যুব এশিয়া কাপ জিতল ভারত। ১৯৮৯ সাল থেকে শুরু হওয়া বয়সভিত্তিক এই আসরে আটবার ফাইনাল খেলে প্রতিবার শিরোপা জিতেছে তারা।
২০১৭ সালে ভারতের আধিপত্য ভাঙতে পেরেছিল কেবল আফগানিস্তান। ৯ আসরের মধ্যে আটবার ফাইনালে খেলা ভারত এবারও প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল তাদের প্রিয় দল শ্রীলঙ্কাকে। ছয়বার ফাইনালে খেলেও শিরোপা না জেতা লঙ্কানদের কপালে এবারও জুটেছে হতাশা।
শুক্রবার আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ফাইনালে কোনো প্রতিরোধ গড়তে পারেনি শ্রীলঙ্কা। ৩২ ওভারে নেমে আসা ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১০৬ রান করে তারা।
তার মধ্যে বৃষ্টি আইনে সেই টার্গেট নেমে আসে ১০২ রানে। মামুলি এই রান তাড়া করতে নেমে বেশি কষ্ট করতে হয়নি ভারতীয়দের। ২১.৩ ওভারে ১ উইকেটে ১০৪ রান করে তারা।
একদিন আগে বাংলাদেশকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল ভারত। আরেক সেমিফাইনালে শ্রীলঙ্কা হারায় পাকিস্তানকে।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯: ১০৬/৯ (৩২ ওভার); রদ্রিগো ১৯*, ডি সিলভা ১৫, পাথিরানা ১৪; ওস্তাল ৩/১১, তাম্বে ২/২৩
ভারত অনূর্ধ্ব-১৯: ১০৪/১ (২১.৩ ওভার); রঘুবংশী ৫৬*, রশীদ ৩১; রদ্রিগো ১/১২
