সংক্রমণের হার বাড়লে লকডাউনে যেতে হতে পারে: স্বাস্থ্যমন্ত্রী(ভিডিও)

আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ০৭:২২ পিএম

করোনা সংক্রমণের হার বাড়লে লকডাউনে যেতে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার বিকেলে মানিকগঞ্জে ২৫০ শয্যার জেলা হাসপাতালে করোনা টিকার বুস্টার ডোজ উদ্বোধনকালে তিনি এ আশঙ্কার কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে সরকারের লকডাউন দেওয়ার কোনো পরিকল্পনা নেই। তবে সংক্রমণের হার বাড়লে লকডাউনে যেতে হতে পারে।’

এ সময় তিনি বলেন, ‘জানুয়ারিতে ৪ কোটি ডোজ টিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে। এপ্রিল-মে মাসে বাংলাদেশের ১২ কোটি মানুষেকে আমরা সেকেন্ড ডোজ দিয়ে দিতে পারবো। পাশাপাশি বুস্টার ডোজও আমরা দিয়ে দিতে পারবো।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকাদান কার্যক্রম বেগবান করার জন্য প্রতিটি ওয়ার্ডে টিকার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি কমিউনিটি ক্লিনিক থেকে টিকা দেওয়া হবে।

বুস্টার ডোজ উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. সামিউল ইসলাম, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির লাইন ডিরেক্টর ডা. শামসুল হক, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) লুৎফর রহমানসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত