২১ জানুয়ারির মধ্যে হল চালু আন্দোলন স্থগিত

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১২:৩৭ এএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত দুটি হল আগামী ২১ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের বসবাসের উপযোগী করার আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। গতকাল শনিবার বিকেলে তিনি এ আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

গতকাল ভোরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ছাত্রী মেসে আগুন লেগে ছয়টি কক্ষ পুড়ে যায়। এ ঘটনায় শিক্ষার্থীরা নবনির্মিত দুটি হল চালুর দাবিতে উপাচার্য ভবন ‘দুখুমিয়া বাংলো’র সামনে অবস্থান নেন। ঢাকার দাপ্তরিক কাজ শেষে উপাচার্য বিশ্ববিদ্যালয়ে ফিরে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি আগামী ২১ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হলে ওঠানোর আশ্বাস দেন। ড. সৌমিত্র শেখর বলেন, ‘আমাকে ২১ দিন সময় দিলে কথা দিচ্ছি, শিক্ষার্থীদের হলে ওঠানোর ব্যবস্থা করবে প্রশাসন। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি গঠন ও ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে। আপনারা কমিটির কাছে নির্ভয়ে সাক্ষ্য দেবেন।’ তিনি আরও বলেন, ‘২১ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হলে ওঠানোর ব্যবস্থা করতে ব্যর্থ হলে তাদের জন্য আমি আমার বাংলোর গেট খুলে দেব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত