কক্সবাজারের টেকনাফের পাহাড়ি ছড়ায় বন্যহাতির একটি মৃত শাবক পাওয়া গেছে। গতকাল শনিবার উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাংয়ের ২২ নম্বর পুটিবনিয়া রোহিঙ্গা ক্যাম্পের পেছনে রইক্ষ্যংয়ের পাহাড়ি ছড়ায় শাবকটি পুঁতে ফেলা হয়। বন বিভাগ ধারণা করছে, শাবকটি মৃত অবস্থায় প্রসব করা হয়েছে।
হোয়াইক্যং রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তারেক রহমান বলেন, ‘স্থানীয় কিছু লোক মৃত শাবকটি দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়। রাতে হস্তীশাবকটির জন্ম হয়। সকালে ঘটনাস্থলে পৌঁছে দেখি মা হাতিসহ তিনটি হাতি শাবকটিকে পাহারা দিচ্ছে। পরে কৌশলে শাবকটি উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, রোহিঙ্গাদের কারণে হাতির খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। হয়তো শাবকটি পেটে থাকার সময় মা হাতিটি পর্যাপ্ত খাদ্য পায়নি। এ কারণে পেটে শাবকটি মারা যেতে পারে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, ওই এলাকা দিয়ে বন্যহাতি চলাচল করত। পাশাপাশি পানি পান করতে ওই ছড়ায় হাতির দল প্রতিনিয়ত আসা-যাওয়া করে।
