আইএফজের প্রতিবেদন

২০২১ সালে বিশ্বে ৪৫ সাংবাদিক খুন

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ০১:২৪ এএম

আন্তর্জাতিক ওয়াচডগ সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে) জানিয়েছে, ২০২১ বিশে^ ৪৫ সাংবাদিক নিহত হয়েছেন। এ সংখ্যাকে অন্যান্য বছর সাংবাদিক নিহতের তুলনায় কম উল্লেখ করা হয়েছে। খবর আলজাজিরার।

আইএফজে বলছে, গত বছর বিশ্বে সর্বোচ্চ নয়জন সাংবাদিক নিহত হয়েছেন আফগানিস্তানে। এ ছাড়া পাকিস্তানে তিন, ভারতে চার ও মেক্সিকোতে আটজন সাংবাদিক নিহত হয়েছেন। বিশ্বে চলমান সংঘাতময় পরিস্থিতির মধ্যে সাংবাদিক হত্যার হার কমে আসা কিছুটা হলেও স্বস্তিদায়ক বলে মনে করছে সংস্থাটি।

বৈশ্বিক অঞ্চলের হিসাবে গত বছর সবচেয়ে বেশি সাংবাদিক নিহত হয়েছেন এশিয়া প্যাসিফিকে। এ অঞ্চলে গত বছর মোট ২০ জন সাংবাদিক নিহত হয়েছেন। এ ছাড়া আমেরিকা অঞ্চলে ১০, আফ্রিকা মহাদেশে ৮, ইউরোপে ৬ ও মধ্যপ্রাচ্যে ১ জন সাংবাদিক খুন হয়েছেন।

এক বিবৃতিতে আইএফজে বলেছে, দুর্নীতি, অপরাধ ও ক্ষমতার অপব্যবহার নিয়ে প্রতিবেদন করার কারণেই হত্যার শিকার হতে হয়েছে সাংবাদিকদের। তবে সশস্ত্র সংঘাত বা যুদ্ধ কভার করা সংবাদিকদের মৃত্যুর হার কমেছে গত বছর। কারণ হিসেবে বলা হয়েছে, মহামারীসহ বিভিন্ন কারণে সংবাদকর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রতিবেদন প্রস্তুত করতে পারেননি।

হত্যাকাণ্ড কম হলেও পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কারাবরণ করতে হয়েছে অনেক সাংবাদিককে। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট জানিয়েছে, গত বছর বিশে^ ২৯৩ জন সংবাদকর্মীকে কারাবরণ করতে হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত