পদ্মায় জালে আটকা পড়লো ২১ কেজির বাগাইড়

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ০৩:৩৪ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ওজনের একটি বাগাইড় মাছ।

রবিবার ভোর ৫টার দিকে বাহির চর দৌলতদিয়া এলাকার অদূরে পদ্মা নদী থেকে স্থানীয় জেলে মো. নিমাই হালদারের জালে মাছটি ধরা পড়ে।

তিনি মাছটি বিক্রির জন্য আজ সকাল ৭টার দিকে দৌলতদিয়া বাজারে অবস্থিত আনু খাঁর মৎস্য আড়তে নিয়ে আসেন।

পরে সেখান থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি ১ হাজার ২শ টাকা কেজি দরে মোট ২৫ হাজার ২শ টাকা দিয়ে কিনে নেন।

চান্দু মোল্লা বলেন, বাগাইড় মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে কিনে পরবর্তীতে মোবাইলের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হয়েছে। মাছটির দান কেজি প্রতি ১০০ টাকা লাভ পেলেই বিক্রি করা হবে বলে তিনি জানান।

জেলে নিমাই হালদার বলেন, রবিবার ভোরে মাছ ধরতে নদীতে যাই। ভোর ৫টার দিকে জাল তুলতেই দেখি বড় এই মাছটি আটকা পড়েছে। অনেক দিন পর মাছটি পেয়ে অনেক ভালো লাগছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত