‘নৌকা ছাড়া অন্য মার্কায় কারা ভোট চাচ্ছে তালিকা করেন, ভোটের পরে ব্যবস্থা’

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ০৬:১১ পিএম

আসন্ন ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর লোকজন যেন কোথাও ভোটের প্রচারণা চালাতে না পারে তা নজর রাখতে দলীয় নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন এক নৌকার প্রার্থী।

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ এই নির্দেশনা দেন।

শুক্রবার রাত ৮টার দিকে এক নির্বাচনী প্রচারণায় এমন নির্দেশনা দেন তিনি। এর একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারে ছড়িয়ে পড়েছে।

নৌকা ছাড়া যদি কেউ প্রচারণা বা ভোট চায় তাহলে তাদের একটা তালিকা তৈরি করতেও নির্দেশ দেন। আর ভোটের পর তালিকা ধরে ধরে তাদের বিরুদ্ধ ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারি দেন তিনি। স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে যাদের যোগাযোগ তারা কেন্দ্রে গেলেও নৌকায় যাতে ভোট দেয় সেটা নিশ্চিত করার জন্য দলীয় নেতা কর্মীদের খেয়াল রাখতে বলেন ওই প্রার্থী।

ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে শোনা যায়, তিনি বলছেন, ‘বিএনপি কিন্তু ভোট বর্জন করেছে। উনারা ভোট বর্জন করার পরে আওয়ামী লীগের সঙ্গে চোট্টাপনা করার জন্য অনেকজন অনেক কিছু সেজে বইসে আছে। স্বতন্ত্রপ্রার্থী হয়েও আসলে তারা বিএনপির ঢাল। তাই আমি বলব আপনারা খোঁজ রাখবেন, কার বাড়িতে এই স্বতন্ত্র প্রার্থী ঢুকছে তার তালিকা করবেন। আমি নির্বাচনের পরে তারই ব্যবস্থা নেব। আর যদি ওরা ভোট কেন্দ্রে যায় তবে, সোজা কথা ভোট নৌকায় সিল মাইরে দেখিয়ে দিবে। তাহলে ভোট দিতে দিবে। না হলে ভোটের মাঠেও ঢুকতে দিবে না। যদি তাও না পারেন ওই ব্যক্তির তালিকা করবেন, আমি বানেশ্বরে তার ব্যবস্থা করব তার বাড়িতে এসে।’

এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, আমার এখানে অন্য যারা প্রার্থী আছেন তারা অনেক কথাই বলেন। আসলে যোগ্যতাতেই পরিচয় নৌকার প্রার্থী বিজয়ী হবে না স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হবে। আমি কেন এসব কথা বলতে যাব? ছড়িয়ে পড়া ভিডিও প্রসঙ্গে আমি জানি না।

উল্লেখ্য, বানেশ্বর ইউনিয়নে আগামী ৫ জানুয়ারি ভোট নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে আবুল কালাম আজাদ ছাড়াও ওয়ার্কার্স পাটির চেয়ারম্যান প্রার্থী রয়েছেন মামুনুর রশিদ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন বিএনপির স্থানীয় নেতা আব্দুর রাজ্জাক দুলাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত