পিঙ্ক টেস্টের আগে করোনায় আক্রান্ত ম্যাকগ্রা

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ০৬:৫২ পিএম

সিডনিতে বুধবার থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। নতুন বছরের প্রথম টেস্টের প্রথম দিনই মাঠে থাকতে পারবেন না অস্ট্রেলিয়ার পেস বোলিং কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা। করোনায় আক্রান্ত হয়েছেন তিনি।

প্রয়াত স্ত্রী জেনের স্মরণে সিডনিতে পিঙ্ক টেস্ট আয়োজনে বিশেষ ভূমিকা নেন গ্লেন ম্যাকগ্রা। সিডনিতে অনুষ্ঠিত টেস্ট ম্যাচের তৃতীয় দিন ‘জেন ম্যাকগ্রা ডে’ নামে পরিচিত।

ম্যাকগ্রা ফাউন্ডেশনের চিফ এগজিকিউটিভ হলি মাস্টার্স বলেন, ‘গ্লেনের আরটি-পিসিআর টেস্ট পজিটিভ এসেছে। আমরা ওর দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা আশাবাদী, ওর পরবর্তী পরীক্ষার রেজাল্ট নেগেটিভ আসবে। সেক্ষেত্রে তৃতীয় দিন গ্লেনকে আমরা মাঠে দেখতেই পারি।’

২০০৮ সালে ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান গ্লেন ম্যাকগ্রার স্ত্রী। তারপর থেকে সিডনিতে অনুষ্ঠিত প্রত্যেকটা টেস্ট ম্যাচ জেনের স্মরণে হয়ে থাকে। ২০০৫ সালে একটা ফাউন্ডেশন গড়ে তুলেছিলেন ম্যাকগ্রা দম্পতি। ক্যানসারের বিরুদ্ধে লড়তে একটা চ্যারিটেবল সংস্থা গড়ে তোলেন তারা।

জেন প্রয়াত হওয়ার পর সিডনি টেস্টের তৃতীয় দিন জেন ম্যাকগ্রা ডে হিসেবে পালিত হয়। ওদিন মাঠে উপস্থিত সমস্ত দর্শক গোলাপি ড্রেস পরে খেলা দেখেন। স্টেডিয়ামের সমস্ত জায়গা গোলাপি রংয়ে উদ্ভাসিত হয়ে ওঠে। উইকেটও গোলাপি রংয়ের হয়।

৩-০ এগিয়ে থাকা অস্ট্রেলিয়া ইতিমধ্যেই অ্যাশেজ সিরিজ মুঠোয় করে ফেলেছে। বাকি দুই টেস্ট জিতে ইংলিশদের হোয়াইটওয়াশ করতে চায় অজিরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত