নির্বাচন কেন্দ্র করে আর কোনো লাশ দেখতে চান না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. রফিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘প্রার্থীরা সহায়তা করলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে আমরা আইনের শতভাগ প্রয়োগের মাধ্যমে নির্বাচন করব।’
গতকাল রবিবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ইসি রফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘আমি নিজে এ নির্বাচন পর্যবেক্ষণ করব। ভোটারদের মধ্যে যেন ক্ষোভের সৃষ্টি না হয়, সেজন্য সবার সহযোগিতা দরকার। আমি জীবনে অনেক লাশ দেখেছি। নির্বাচনকে কেন্দ্র করে আর কোনো লাশ দেখতে চাই না।’
প্রার্থীদের উদ্দেশে রফিকুল ইসলাম বলেন, ‘সভার আগে আপনাদের কিছু কাগজ দিয়েছিলাম। সেখানে আপনারা আপনাদের বক্তব্য তুলে ধরেছেন। অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের কাছে অনুরোধ, ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে বলবেন।’
তিনি আরও বলেন, ‘ইভিএমে আপনার ব্যালটে কেউ চাপ দিতে গেলে বাধা দেবেন। প্রয়োজনে ডকুমেন্টারি অভিযোগ দেবেন। আমরা ভোট বন্ধ করে পুনরায় নেওয়ার ব্যবস্থা করব।’
সভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী উপস্থিত হননি। সভায় স্বতন্ত্র প্রার্র্থী ও বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার বলেন, ‘আমি এবার কোনো দলের না, জনগণের প্রার্থী। সুতরাং আমি নির্বাচন থেকে সরব না। নির্বাচন কমিশন যত নিরপেক্ষ থাকবে, নির্বাচনের পরিবেশ তত শান্তিপূর্ণ থাকবে।’
এ সময় ইসি রফিকুল ইসলাম বলেন, ‘আপনারা হলেন ভোটের মূল খেলোয়াড়। আপনারা সহযোগিতা করলে আমরাও নির্বাচনের পরিবেশ সুন্দর করতে পারব। আমরা আইনের শতভাগ প্রয়োগ করব।’
রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তারের সভাপতিত্বে সভায় মেয়র এবং কাউন্সিলর প্রার্থী ছাড়াও জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার মো. জায়েদুল আলম, জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
