আন্তর্জাতিক ক্রিকেট থেকে হাফিজের অবসর

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১২:২০ এএম

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। এখন শুধু ক্লাব ক্রিকেট খেলবেন বলে জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ২০০৩ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে অভিষেক হয়েছিল হাফিজের। সংযুক্ত আরব আমিরাতে গত বছর নভেম্বরে টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে শেষ বার পাকিস্তানের জার্সি গায়ে খেলতে নামেন তিনি। ১৮ বছরের ক্রিকেট জীবনে পাকিস্তানের হয়ে ৫৫ টেস্ট, ২১৮ ওয়ানডে এবং ১১৯ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন হাফিজ। সব সংস্করণ মিলিয়ে ১২৭৮০ রান করেছেন। টেস্টে হাফিজের রান ৩৬৫২। ওয়ানডেতে করেছেন ৬৬১৪ রান। আর টি-টোয়েন্টি ক্রিকেটে ২৫১৪ রান করেছেন হাফিজ। তার আন্তর্জাতিক উইকেট সংখ্যা ৬১। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক ছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর জানানোর পর তিনি বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেটের সঙ্গে ১৮ বছর আগে শুরু করা দারুণ পথচলার আজ (সোমবার) আমি আনুষ্ঠানিকভাবে ইতি টানতে চাই। অত্যন্ত গর্বের সঙ্গে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছি এবং ১৮ বছর ধরে যা খেলেছি, মর্যাদার সঙ্গে খেলেছি। মাঠ ও মাঠের বাইরের কার্যক্রমে আমি সবসময় পাকিস্তানের পতাকাকে চূড়ায় রাখতে চেষ্টা করেছি।’ হাফিজ ২০১৮ সালের ডিসেম্বরে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। তার পর থেকে শুধু সাদা বলের ক্রিকেট খেলছিলেন। এবার সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত